আ.লীগ হারাল, জামায়াত পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর আট জেলার উপজেলা নির্বাচনে বিগত দিনের তুলনায় জামায়াতই সবচেয়ে ভালো ফল করেছে। আওয়ামী লীগের অবস্থান ঠিক ছিল শুধু সিরাজগঞ্জে। বাকি সাতটি জেলাতেই তাদের ভরাডুবি হয়েছে। একাধিক প্রার্থী আর কোন্দলের কারণে সম্ভাবনার দুয়ার থেকে ফিরতে হয়েছে তাদের।
তবে জামায়াত নতুন যে সাতটি উপজেলায় জয় পেয়েছে তার মধ্যে পাঁচটি উপজেলাই আওয়ামী লীগের দখলে ছিল। বাকি দুটি ছিল বিএনপির। রাজশাহী বিভাগের আট জেলার ৬৫ উপজেলার মধ্যে আওয়ামী লীগ ২০, বিএনপি ৩১ ও জামায়াত-সমর্থিত প্রার্থী ১৪টিতে জয়ী হয়েছেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, একাধিক প্রার্থীর ব্যাপারটি তাঁরা শত চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারেননি। আর কিছু উপজেলায় স্থানীয় সাংসদেরা উপজেলা চেয়ারম্যানদের আগামী দিনের প্রতিদ্বন্দ্বী মনে করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে প্রার্থী দিয়েছেন। এ জন্যও পরাজয় হয়েছে। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে বগুড়ায়। এ জেলার ১২ উপজেলার একটিতেও আওয়ামী লীগ জিততে পারেনি। গতবার পাঁচটি উপজেলায় তাঁদের প্রার্থীরা জয় পেয়েছিলেন। জামায়াত গতবার তিনটি উপজেলায় জিতলেও এবার পাঁচটিতে জয় পেয়েছে। আর বিএনপি প্রার্থী জয় পেয়েছেন পাঁচটিতে।
বগুড়ায় আওয়ামী লীগের এ হারের নেপথ্যে প্রার্থী নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতির স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন নেতা-কর্মীরা। তবে কেউই নাম প্রকাশ করে মন্তব্য করতে চাননি।
অবশ্য জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আমল থেকেই এখানে ভোটের এ অবস্থা। গতবার পাঁচটি উপজেলায় জিতলেও এবার খারাপ কেন হলো জানতে চাইলে তিনি বলেন, গতবার মানুষ ভোট দিয়েছিল। এবার দেয়নি। তাই হয়নি।
জয়পুরহাটের পাঁচটি উপজেলায় আওয়ামী লীগ মাত্র একটিতে জিতেছে। গতবার তারা তিনটিতে জিতেছিল। জামায়াত জিতেছিল একটিতে। তারা তাদের অবস্থান ধরে রেখেছে। বিএনপি গতবার একটি পেলেও এবার তিনটিতে জয় পেয়েছে। পাবনায় নয়টি উপজেলার কোনোটিতেই গতবার জামায়াত প্রার্থী জিততে পারেনি। এবার তারা দুটি উপজেলায় জিতেছে। একজন বিদ্রোহীসহ বিএনপি-সমর্থিতরা জয় পেয়েছে দুটিতে। আওয়ামী লীগ গতবার আটটিতে জিতলেও এবার তিনটি উপজেলা হারিয়েছে। বিগত নির্বাচনে নওগাঁর ১১টি উপজেলার একটিতেও জয় পায়নি জামায়াত। এবার তারা দুটিতে জিতেছে। বিএনপি গতবারের চারটি পেলেও এবার পাঁচটিতে জয় পেয়েছে। আওয়ামী লীগ গতবার সাতটিতে জয় পেলেও এবার তিনটি উপজেলা হারিয়েছে। নাটোরে ছয়টি উপজেলায় নির্বাচন হয়েছে। খুব সামান্য ভোটের ব্যবধানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয় পেয়েছেন শুধু নাটোর সদর উপজেলায়। বাকি পাঁচটিতেই জিতেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। গতবার আওয়ামী লীগ দুটি, জাতীয় পার্টি একটি ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী একটি উপজেলায় জয় পান। নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ আবুল কালাম আজাদ বলেন, কোনো কোনো উপজেলায় তাঁদের ২০ হাজার ভোট বেশি রয়েছে। অথচ দলাদলির কারণে সেখানে তাঁরা হেরেছেন। আবার গতবারের ভাবমূর্তি ধরে রাখতে না পারার কারণে একক প্রার্থী দিয়েও জেতা সম্ভব হয়নি।
রাজশাহীর নয়টি উপজেলায় নির্বাচন হয়েছে। এখানে দুটি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। এবারও তাঁরা নিজেদের অবস্থান ধরে রেখেছেন। কিন্তু গত নির্বাচনে জামায়াত একটিতে জিতলেও এবার দুটিতে জয় পেয়েছে। বিএনপি জিতেছে পাঁচটি উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি উপজেলার মধ্যে বিএনপি ও জামায়াত দুটি করে এবং আওয়ামী লীগ একটিতে জিতেছে। গতবারও আওয়ামী লীগ একটিতেই জয় পায়।