
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। আওয়ামী লীগ, হাসিনার অধীনে নয়।’
গতকাল মঙ্গলবার সম্মিলিত পেশাজীবী পরিষদের পেশাজীবী সমাবেশ ও ইফতারে বিরোধীদলীয় নেতা জাতীয় নির্বাচন প্রশ্নে এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এই ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। বর্তমান সরকারকে ‘জালেম ও অত্যাচারী’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা সবার দায়িত্ব। সরকার জানে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর রাজপথে নামব।’ সেই আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রচারণার সুযোগ রেখে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি সংশোধনের যে খসড়া তৈরি করেছে, তার কঠোর সমালোচনা করেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী দায়িত্বে থাকবেন। পদ-পদবি নিয়ে নির্বাচনে ভোট চাইতে যাবেন। এটা হতে পারে না। তিনি প্রশ্ন করেন, ‘কোন সরকারি কর্মচারীর ঘাড়ে কয়টি মাথা যে প্রধানমন্ত্রীর কথা অমান্য করবেন?’
বদরুদ্দোজা চৌধুরী বলেন, এ ধরনের নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না।
পেশাজীবী সমাবেশ ও ইফতারে চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেশাজীবী পরিষদের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।