
৫ জানুয়ারির একতরফা সংসদ নির্বাচনে সহিংসতার জন্য যে আটটি সংসদীয় আসনে ভোট গ্রহণ স্থগিত হয়েছিল, তার মধ্যে সাতটি আসনের ৩৯০টি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ভোট হয়েছে। প্রতিটি আসনেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতির মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।
স্থগিত সাত আসনে আওয়ামী লীগের তিনজন, নৌকা প্রতীক নিয়ে তরীকত ফেডারেশনের একজন, স্বতন্ত্র প্রার্থী দুজন এবং জাতীয় পার্টির (এরশাদ) একজন জয়লাভ করেছেন।
এর ফলে ২৯৭ আসনে আওয়ামী লীগ ২৩৩, জাপা ৩৪, স্বতন্ত্র ১৫, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ (ইনু) ৫, তরীকত ফেডারেশন ২, জেপি ১ ও বিএনএফ ১টি আসন পেল।
লক্ষ্মীপুর-১ আসনে তরীকত ফেডারেশনের এম এ আউয়াল নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৯৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ২১ হাজার ৮১৬ ভোট। নৌকা নিয়ে তরীকত ফেডারেশন দুটো আসন পেল।
দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগের এ এইচ মাহমুদ আলী এক লাখ ৪২ হাজার ৬৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির এনামুল হক সরকার পেয়েছেন মাত্র দুই হাজার ৭৯৭ ভোট।
গাইবান্ধা-৪ আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৫৪৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোয়ার হোসেন পেয়েছেন ৬৪ হাজার ৬১৪ ভোট।
গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের মঞ্জুরুল ইসলাম এক লাখ ১৮ হাজার ১৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আবদুল কাদের খান ১৩ হাজার ৪৪ ভোট পান।
গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগের ইউনূস আলী এক লাখ ২৭ হাজার ৫৬৩ ভোট পেয়ে জিতেছেন। প্রতিদ্বন্দ্বী জাসদের খাদিমুল ইসলাম পান ১৮ হাজার ২০৪ ভোট।
বগুড়া-৭ আসনে জাতীয় পার্টির মুহাম্মদ আলতাফ হোসেন ২৪ হাজার ৯৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপির এ টি এম আমিনুল ইসলাম পেয়েছেন ১৩ হাজার ২৮৫ ভোট।
যশোর-৫ এ কলস প্রতীক নিয়ে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য। তিনি মনিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। পেয়েছেন ৭৮ হাজার ৪২৪ ভোট।
এই আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের খান টিপু সুলতান পেয়েছেন ৫৮ হাজার ৪১৮ ভোট।
হাইকোর্টের নিষেধাজ্ঞায় কুড়িগ্রাম-৪ আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ পুনরায় স্থগিত করা হয়। আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেনের রিটের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
গতকাল ভোট হওয়া সাত আসন হলো: গাইবান্ধা-১, ৩ ও ৪; যশোর-৫, দিনাজপুর-৪, বগুড়া-৭ ও লক্ষ্মীপুর-১। দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগ ও যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন।
গাইবান্ধা: ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন গাইবান্ধা ছিল এক সহিংস জেলার নাম। যেখানে-সেখানে ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, অর্ধশত ভোটকেন্দ্রে হামলা-ভাঙচুর-আগুন দেওয়া—সবকিছু হয়েছে এই জেলায়। নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে পারেনি ১৫০ ভোটকেন্দ্রে। তিনটি আসনের ২০৬টি কেন্দ্রেই ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। গতকাল স্থগিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় পুলিশ-র্যাব-বিজিবি-সেনাবাহিনীর সার্বক্ষণিক টহল ছিল। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটার উপস্থিতি ছিল কম। এ জন্য পুরোনো আতঙ্ক ও তীব্র শীতকে দায়ী করেছে প্রশাসন।
গাইবান্ধার যে চারটি সংসদীয় আসনে ভোট হয়েছে, তার তিনটিতেই ৫ জানুয়ারি ভোটগ্রহণ স্থগিত হয়েছিল। সহিংসতার জন্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ৩৬৯ কেন্দ্রের মধ্যে ২০৬টিতে ভোটগ্রহণ স্থগিত হয়। গতকাল গাইবান্ধা-১ আসনে ৫৪টি, গাইবান্ধা-৩ এ ৮০ ও গাইবান্ধা-৪ এ ৭২টি কেন্দ্রে ভোট হয়।
যশোর: যশোর-৫ (মনিরামপুর) আসনে গতকাল নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে স্থগিত ৬০ কেন্দ্রে ভোট হয়েছে। এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অনেক।
ভোটযুদ্ধে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়েন। সর্বত্রই পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৫ জানুয়ারি যশোর-৫ আসনে ১২২ কেন্দ্রের মধ্যে ৬০টিতে নাশকতার জন্য ভোটগ্রহণ স্থগিত হয়েছিল।
দিনাজপুর: ৫ জানুয়ারি দিনাজপুরের যে পাঁচটি সংসদীয় আসনে ভোট গ্রহণ হয়, তার মধ্যে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ১২০ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে সহিংসতার জন্য ভোটগ্রহণ স্থগিত হয়। গতকাল এখানে ৫৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।
এ আসনের দুই উপজেলার কমপক্ষে ১৫টি কেন্দ্রে উল্লেখযোগ্যসংখ্যক ভোটারের উপস্থিতি চোখে পড়ে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। ভোটাররা জানান, নিরাপত্তাব্যবস্থা ভালো থাকায় মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে।
সকাল থেকে সূর্য না ওঠার কারণে ভোটাররা কেন্দ্রে দেরিতে গেলেও পরে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার উপস্থিত হন।
বগুড়া: বগুড়ায় যে দুটি সংসদীয় আসনে নির্বাচন হয়েছে, তার মধ্যে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ৫ জানুয়ারি সহিংসতার জন্য ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। গতকাল এই আসনের ১৬১ কেন্দ্রের মধ্যে স্থগিত হওয়া ৪৬টি কেন্দ্রে ভোট হয়।
ব্যাপক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। অধিকাংশ কেন্দ্রে ভোটারের চেয়ে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা ছিল অনেক বেশি। বেশির ভাগ কেন্দ্রেই ভোটারদের সারি চোখে পড়েনি। অনেক কেন্দ্র ছিল প্রায় ভোটারশূন্য।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ২১ কেন্দ্রের প্রায় সবগুলোই সকাল থেকে ছিল একেবারেই ভোটারশূন্য। তার পরও দিন শেষে এসব কেন্দ্রে ৩৬ দশমিক ৮৬ ভাগ ভোট পড়ে।
এ আসনের ৮১ কেন্দ্রের মধ্যে অন্তত ৪০ কেন্দ্রে জামায়াত-শিবির সহিংসতা চালায়। এর মধ্যে ২১ কেন্দ্রে ভোট স্থগিত হয়। গতকাল এসব কেন্দ্রে ভোট গ্রহণের সময় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য থাকার পরও ভোটার উপস্থিতি ছিল কম।