আ.লীগ ৮৯ ও বিএনপি পেয়েছে ৬ শতাংশ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটার সংখ্যা দুই হাজার ৭৮৮। সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল না বললেই চলে। বড়জোর ৫ থেকে ১১ শতাংশ ভোটার উপস্থিত হয়েছেন। কিন্তু ভোট গণনার পর জানা গেল বাক্সে ভোট পড়েছে দুই হাজার ৩৭৪টি। যা মোট ভোটের ৮৫ দশমিক ১৫ শতাংশ।
গত রোববার শেষ হয় ভোলার উপজেলা নির্বাচন। সরেজমিনে অনেক কেন্দ্রে ৬ থেকে ১০ শতাংশ ভোটারের উপস্থিতি দেখা গেছে। কিন্তু বাক্সে ভোট পড়েছে প্রায় ৬২ শতাংশ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, প্রদত্ত ভোটের প্রায় ৮৯ শতাংশ পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন মাত্র ৬ শতাংশ ভোট। বাকি ভোট পেয়েছেন অন্যান্য প্রার্থী।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চারটি ধাপে ২৩ মার্চ শেষ হয়েছে ভোলার সাতটি উপজেলার নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৯৯ হাজার আট। ভোট পড়েছে ছয় লাখ ৭৬ হাজার ৯৫৬টি; যা মোট ভোটের ৬১ দশমিক ৫৯ শতাংশ।
আওয়ামী লীগ-সমর্থিত সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী মোট ভোট পেয়েছেন ছয় লাখ এক হাজার ৬০৩টি; যা প্রদত্ত ভোটের ৮৮ দশমিক ৮৬ শতাংশ। বিএনপি-সমর্থিত সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ১০৭টি; যা প্রদত্ত ভোটের ৬ দশমিক ২২ শতাংশ। ভোলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কোনো কোনো কেন্দ্রে ৮৫ শতাংশ ভোট পড়েছে। ১৯ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পেয়েছেন প্রদত্ত ভোটের ৮৪ দশমিক ১২ শতাংশ; বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৫ দশমিক ৬৫ শতাংশ।
২৭ ফেব্রুয়ারি বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলায় ভোট হয়েছে। বোরহানউদ্দিনে ভোট পড়েছে ৭০ শতাংশ। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পেয়েছেন প্রদত্ত ভোটের ৮৯ দশমিক ৬৮ শতাংশ; বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৮ দশমিক ৯২ শতাংশ। চরফ্যাশনে ভোট পড়েছে ৫৮ শতাংশ। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পেয়েছেন প্রদত্ত ভোটের ৮৯ দশমিক ৬৬ শতাংশ; বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৮ দশমিক ২৩ শতাংশ। ১৫ মার্চ সদর উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৬৬ শতাংশ। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৮৮ দশমিক ৯৯ শতাংশ এবং বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৫ দশমিক ৬৫ শতাংশ।
২৩ মার্চ দৌলতখান, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় নির্বাচন হয়েছে। দৌলতখানে ভোট পড়েছে ৬৩ শতাংশ। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৮৬ দশমিক ৮১ শতাংশ; আর বিএনপি-সমর্থিত প্রার্থী ২ দশমিক ২৩ শতাংশ। তজুমদ্দিনে ভোট পড়েছে ৬৬ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ৯১ দশমিক ৩০ শতাংশ এবং বিএনপির প্রার্থী ১ দশমিক ৮২ শতাংশ ভোট পেয়েছেন।
মনপুরায় ভোট পড়েছে ৭৩ শতাংশ। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ৯৫ দশমিক ৩৩ শতাংশ এবং বিএনপি-সমর্থিত প্রার্থী ৩ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি বলেন, ‘ভোলার প্রতিটি উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থীরা সকাল থেকে ভোট বর্জন করেছেন। তাই তাঁদের পক্ষের ভোটার উপস্থিত হননি বা হলেও আওয়ামী লীগকে ভোট দিয়েছেন।’