
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয় না। আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। সরকারের প্রতি সমর্থন আদায়ের জন্য তারা বিভিন্ন দেশে দূত পাঠাচ্ছে। কিন্তু সমর্থন মিলছে না।
গতকাল রোববার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী বিএনপির সমর্থক প্যানেলের কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওই সংবর্ধনার আয়োজন করে।
৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়া দেশের মানুষের কাছে সাড়া না পেয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। রাষ্ট্রদূতদের সঙ্গে সপ্তাহে-পনেরো দিনে দেখা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে দৃশ্যত ভারতের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, যাদের ভরসায় এ সরকার টিকে আছে, তারাও দূরে সরে যাচ্ছে। ‘স্বঘোষিত’ প্রধানমন্ত্রী ভারতের দুজন মন্ত্রীর কাছে তিস্তার পানির কথা বলেছেন। তাঁরা বলেছেন, পানি দিতে পারবেন না।
খালেদা জিয়া অভিযোগ করেন, এখন কানেক্টিভিটির নামে ভারতকে ট্রানজিট দেওয়া হচ্ছে। সীমান্তে হত্যা ও তিস্তা চুক্তি না হওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত না তিস্তার পানি পাই, ততক্ষণ ট্রানজিট দেওয়া যাবে না।’
আইনজীবীদের এই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন নয়। বিচারপতিদের কোনো স্বাধীনতা নেই। সরকারের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে, তাঁদের সেভাবে কাজ করতে বাধ্য করা হচ্ছে। সমস্ত বিচারব্যবস্থা আওয়ামী লীগের হাতে শৃঙ্খলিত, নিয়ন্ত্রিত। খালেদা জিয়া দাবি করেন, বিএনপি সরকারের সময় বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করা হয়নি।
বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি উদ্যোগের সমালোচনা করেন বিএনপির চেয়ারপারসন। জনগণের স্বার্থে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানান তিনি। খালেদা জিয়া অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের লোকজনের’ কুইক রেন্টালের ভর্তুকি দিতে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হচ্ছে। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে সবকিছুর দাম বাড়বে। জনগণের প্রতি এই সরকারের সামান্য সহানুভূতি থাকলে তারা বিদ্যুতের দাম বাড়াবে না।
৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির সঠিক সিদ্ধান্ত ছিল দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনারা ভুল ট্রেনে উঠেছেন, জনগণ তাতে ওঠেনি। সে ট্রেন পড়ে গিয়েছে। তারা বলে, গোপালিরা নাকি কপালি হয়। হায়রে কপালি! গোপালিকে এখন ক্রেন দিয়ে টেনে তুলতে হবে।’
অতি দ্রুত নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, বিদেশিরাও দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। সময় থাকতে কথা না শুনলে পরবর্তী সময়ে আরও বেশি মাশুল দিতে হবে। তিনি আবারও বলেন, উপজেলা নির্বাচন শেষে আন্দোলন শুরু করা হবে।
সরকার সারা দেশে প্রতিনিয়ত গুম, খুন, হত্যা, নির্যাতন চালিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপির চেয়ারপারসন বলেন, যৌথ বাহিনীর অভিযানের নামে যে অত্যাচার চলছে, একদিন তার জবাব দিতে হবে।
আবারও দল পুনর্গঠনের ইঙ্গিত দিয়ে খালেদা জিয়া বলেন, অনেকে বলে, বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে। বিএনপি দুর্বল হয়নি, অনেক শক্তিশালী। আইনজীবীদের নির্বাচন, উপজেলা নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। তবে সংগঠনের নিয়ম হলো কিছুদিন পর পর পরিবর্তন আনা। অনেকে দলে যোগ দিচ্ছেন। তাঁদেরও জায়গা দিতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।