আ.লীগও মনে করে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিদ্যুৎ পরিস্থিতি নাজুক বলে মনে করে আওয়ামী লীগ। গতকাল বুধবার রাতে গণভবনে দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।সূত্র জানায়, বৈঠকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়, তা না হলে আগামী এক-দেড় মাসে পরিস্থিতি আরও খারাপ হবে। অন্তত ৬০০-৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যেতে পারে। বৈঠকে বলা হয়, ঠিকমতো বিদ্যুৎ বিতরণ হচ্ছে না। গ্রামাঞ্চলে রাত ১১টার পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তা হচ্ছে না। অনেক জায়গায় কৃষকেরা বিদ্যুতের কার্যালয় ঘেরাও করছে। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ লাইনও ভালো নয়।সূত্র জানায়, বৈঠকে ভোলা-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়েও আলোচনা হয়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে দলীয় প্রার্থী জসীম উদ্দিনের উপনির্বাচনে প্রার্থী হতে কোনো আইনি সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়। আইনি সমস্যা না হলে তিনি আবারও মনোনয়ন পেতে পারেন।