আ.লীগকে ডোবালেন দলের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল মনোনয়ন দেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক আহসানুল হককে। কিন্তু আহসানুলের জনপ্রিয়তা নেই—এ কথা বলে আওয়ামী লীগের নেতারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিমকে মাঠে নামিয়েছিলেন। তবে গত রোববারের নির্বাচনে শাহরিয়ার রহিম পেয়েছেন নয় হাজার ৭৮৭ ভোট। আহসানুল পেয়েছেন ৩৩ হাজার ৫৯১ ভোট। আর আহসানুল বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আনোয়ারুল ইসলামের কাছে হেরে গেছেন মাত্র দুই হাজার ৯৭২ ভোটে।
নির্বাচনের এই ফলাফল নিয়ে পুঠিয়ায় আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, আওয়ামী লীগের নেতারাই দলের সর্বনাশ করেছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূলের ভোটাভুটি হয়। এতে আহসানুল দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনী প্রচারের শেষ দিন গত শুক্রবারও আহসানুলকে পুঠিয়া-দুর্গাপুর আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দলের প্রার্থী হিসেবে স্বীকার করেননি। তিনি বলেছেন, কেন্দ্র থেকে আহসানুলকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে, তিনি এটা জানেন না। তবে ওই দিন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান জানান, আহসানুল তাঁদের দলীয় প্রার্থী। কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম ও ওবায়দুল কাদেরের নির্দেশে দলের সমর্থিত প্রার্থী হিসেবে আহসানুলকে ঘোষণা করা হয়েছে। মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আহসানুল অভিযোগ করে বলেন, সাংসদ ওয়াদুদ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিজের বাড়িতে ডেকে শাহরিয়ারকে ভোট দিতে চাপ প্রয়োগ করেছেন। এর প্রমাণ দেওয়া যাবে। তিনি ইউপি সদস্যদের বলেছেন, আহসানুলকে ভোট দিলে আগামীতে ইউপি সদস্য হিসেবে কাজ করতে পারবেন না।
অনেক নেতা সাংসদের চাপের কারণে তাঁর (আহসানুল) কাছে দুঃখ করে বলেছেন, ‘বাবা আমরা তোমার জন্য মাঠে নামতে পারছি না। তুমি আমার কর্মীদের নিয়ে কাজ করো।’
আহসানুল আরও অভিযোগ করে বলেন, যখন তাঁকে আর ঠেকানো যাচ্ছিল না। তখন তিনি (ওয়াদুদ) শাহরিয়ারকেও বাদ দিয়ে আনোয়ারুলকে ভোট দিতে বলেছেন। তার প্রমাণ হচ্ছে, সাংসদের নিজের কেন্দ্রে আনোয়ারুল ৮২০, শাহরিয়ার রহিম ২৮২ ও তিনি (আহসানুল) পেয়েছেন মাত্র ১৬৯টি ভোট।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের সাধারণ কর্মী ও একাধিক নেতা জানান, নির্বাচনের এই ফলাফল নিয়ে তাঁরা হতাশ। কারণ আওয়ামী লীগের নেতাদের জন্যই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে।
শাহরিয়ারকে মাঠে নামানোর ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক নির্বাচনের আগে প্রথম আলোকে বলেছিলেন, আহসানুল মাঠে সক্রিয় রাজনীতি করেন না। এ জন্য নির্বাচনে তাঁর পক্ষে দলের নেতা-কর্মীদের মাঠে নামানো যাচ্ছিল না। বাধ্য হয়ে শাহরিয়ারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে সাংসদ ওয়াদুদ গতকাল প্রথম আলোকে জানান, শাহরিয়ারকে ভোট দিতে দলের নেতা-কর্মীদের চাপ দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট। দলের একটা অংশ তাঁর বিরুদ্ধে লেগে আছে। তারা এটা বলবেই। তবে আহসানুল আগে তাঁর পক্ষে রাজনীতি করেননি। উপজেলা কমিটির নেতাদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক নেই। এর পরও তিনি (সাংসদ) নিরপেক্ষ ছিলেন বলেই মালেককে হারিয়ে আহসানুল তৃণমূলের ভোটে বিজয়ী হয়েছিলেন। তিনি আহসানুলকে মালেকের সঙ্গে সমঝোতা করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আহসানুল তা না করে বলেছিলেন, নেতা-কর্মীদের মধ্যে তাঁকে নিয়ে বিরোধ রয়েছে। তাই তিনি (আহসানুল) নির্বাচন করবেন না। এ কারণে শাহরিয়ার প্রার্থী হয়েছিলেন।
তবে খায়রুজ্জামান গতকাল জানান, সাংসদ ওয়াদুদ এ নির্বাচনে রাজনৈতিক আচরণ করেননি। এটা তাঁরা তাঁর কাছ থেকে প্রত্যাশা করেননি।