আ.লীগকে নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগকে নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জন্য প্রক্রিয়া শুরু করেছেন। জাহাঙ্গীর কবির নানককে পদোন্নতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। চারবারের সাংসদ মির্জা আজমও উপযুক্ত স্থান পাবেন বলে আশা করি।’ গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফ ১/১১ পরবর্তী রাজনীতিতে যুবলীগের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘১/১১ থেকে উত্তরণে যুবলীগের ভূমিকা ভুলব না। বাংলাদেশের গণতান্ত্রিক রূপরেখা ফিরিয়ে আনার ক্ষেত্রে যুবলীগের ভূমিকায় আমি কৃতজ্ঞ।’ বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা পূরণের লক্ষ্যে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়েছিল উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘১৫ আগস্টের পর শেখ হাসিনা প্রথম রাজনৈতিক সমাবেশ করেন লন্ডন আওয়ামী লীগের একটি কর্মসূচিতে। তাঁর দ্বিতীয় সমাবেশটি ছিল যুক্তরাজ্য যুবলীগের একটি কর্মসূচিতে।’ তিনি বলেন, ‘যুবলীগ প্রতিষ্ঠার পর বাংলাদেশের এমন কোনো আন্দোলন-সংগ্রাম নেই, যেখানে যুবলীগ ভূমিকা রাখেনি।’স্মৃতিচারণা করে সৈয়দ আশরাফ বলেন, ‘১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার দিনে কেন্দ্রীয় ছাত্রলীগের শুভেচ্ছা প্রতিনিধিদলের সদস্য হিসেবে এসেছিলাম। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এ সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছিলেন। সে হিসেবে যুবলীগের সঙ্গে আমারও ৪০ বছরের সম্পর্ক।’সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আর সম্মেলনের প্রধান বক্তা ছিলেন মির্জা আজম। মহিউদ্দিন মহির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন নূরুন্নবী। ১৪ জুলাই কেন্দ্রীয় সম্মেলনের পর কমিটি ঘোষণা করা হবে।