আ.লীগকে নেতৃত্বশূন্য করতে চার নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতীয় চার নেতাকে সুপরিকল্পিত ও ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ যেন আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে না পারে, এ জন্য তাঁদের হত্যা করা হয় বলে মনে করেন আওয়ামী লীগসহ বিভিন্ন দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা। তাঁদের মতে, এখনো ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের সব শক্তিকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ‘শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ’ আয়োজিত আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কেউ যেন আওয়ামী লীগের নেতৃত্ব দিতে না পারে, এ জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। খুনিরা ভেবেছিল, বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস হবে, আওয়ামী লীগ ধ্বংস হবে। কিন্তু তা হয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদাশীল দেশ।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের অগ্রযাত্রাকে বানচাল করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ২১ আগস্ট হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে। মুক্তিযুদ্ধের সব শক্তিকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ১৫ আগস্টের ধারাবাহিকতা হলো ৩ নভেম্বরের জেলহত্যা। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর স্বপ্নকে বাস্তবায়ন করা এবং তাঁর হত্যার প্রতিবাদে জনগণকে সংগঠিত করতে পারে—সেই চার যোগ্য সহকর্মীকে কারাগারে হত্যা করা হয়। তিনি বলেন, ‘একজন মানুষ মারা গেলে আমরা অনেকে বিচলিত হই। কিন্তু খুনিদের ভেতরে এই বিচলিত বোধ ছিল না। তারা অত্যন্ত সুপরিকল্পিত ও ঠান্ডা মাথায় জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। কারণ, তারা বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিল।’

সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘২০১৯ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলকে সঙ্গে নিয়ে ওই খালেদা জিয়া-বিএনপিকে চূড়ান্তভাবে পরাজিত করব। কারণ ওদের ক্ষমতা আসতে দেওয়ার অর্থই হলো, তারা আবার খুনিদের পক্ষাবলম্বন করবে।’ তিনি বলেন, ‘ওই খুনিদের সঙ্গে কোনো বৈঠক হবে না, আলোচনাও হবে না। যারা আমার পিতাকে হত্যা করেছে, জাতীয় চার নেতাকে হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের সঙ্গে আর যাই হোক আলোচনা হবে না। আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে, অন্য কারও সঙ্গে হবে না।’

আলোচনা সভায় বক্তব্য দেন বেসামরিক বিমান ও পরিবহনমন্ত্রী রাশেদ খান মেননও। তিনি বলেন, ‘চার নেতার হত্যা ইতিহাসের অন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড। এটাকে কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। এ ধরনের হত্যার রাজনীতি ও কলঙ্কের রাজনীতি আমাদের পরিহার করতে হবে।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যারা জঙ্গিবাদের প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে চলার পথে মিটমাটের কোনো জায়গা নেই। যদি বাংলাদেশকে জঙ্গিদের উৎপাত থেকে স্থায়ীভাবে শান্তি দিতে চান, আর সামরিক শাসনের রাজনীতি না দেখতে চান, তাহলে একটাই সিদ্ধান্ত হবে—জঙ্গিদের ধ্বংস করে দিন। জঙ্গির প্রধান পৃষ্ঠপোষক, উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা বিএনপির রাজনীতিকে বর্জনের সিদ্ধান্ত নিন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ‍) কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল জাতীয় চার নেতা স্মরণে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটি স্মৃতিস্তম্ভ গড়ার উদ্যোগের আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন প্রমুখ।