আ.লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় গতকাল সোমবার সাক্ষ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ওই হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল।
সুরঞ্জিত সেনগুপ্তের অবশিষ্ট সাক্ষ্য এবং তাঁকে আসামিপক্ষের জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলার বিচারকাজ চলছে।
সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল আদালতে দেওয়া সাক্ষ্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে গ্রেনেড হামলার আগে সুনামগঞ্জে তাঁকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল। এরপর সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের আমলে নিরস্ত্র মানুষের ওপর নিপীড়ন, অত্যাচারের বিরুদ্ধে ২১ আগস্ট সমাবেশ ডাকা হয়েছিল। ওই সমাবেশে গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল। ওই হামলায় তিনিও আহত হন।
আদালত সূত্র বলেছে, এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ২ ডিসেম্বর আওয়ামী লীগের নেতা কাজী জাফর উল্যাহ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মহীউদ্দীন খান আলমগীরকে সমন দেওয়া হয়। এঁদের মধ্যে কাজী জাফর উল্যাহ ৭ ডিসেম্বর সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় সাক্ষী ৪৯১ জন। তাঁদের মধ্যে গতকাল পর্যন্ত ২০৩ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন বিশেষ পিপি মোশাররফ হোসেন, আকরাম উদ্দিন প্রমুখ।
গতকাল সাক্ষ্য গ্রহণ শুরুর আগে এ মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক আছেন। আটজন আছেন জামিনে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে এই মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। শেখ হাসিনাসহ আহত হন দলের কয়েক শ নেতা-কর্মী।