আ.লীগকে বসিয়ে প্রত্যাশা চুরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিবির সমাবেশে দলটির নেতারা বলেছেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল, তা চুরমার হয়ে গেছে। মহাজোটকে ‘ফুটন্ত কড়াই’ আর বিএনপি-জামায়াত জোটকে ‘জ্বলন্ত চুলা’ মন্তব্য করে নেতারা বিকল্প হিসেবে বাম দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মৎস্য ভবনের সামনের সড়কে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় সমাবেশে এ আহ্বান জানানো হয়। জনজীবনের সংকট নিরসন, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও বাহাত্তরের সংবিধানের মূলভিত্তি পুনঃ প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবিতে এ সমাবেশ করে সিপিবি। জাতীয় সমাবেশে কমিউনিস্ট পার্টির কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা যোগ দেন। বামপন্থী বিভিন্ন্ন দল ও সংগঠনের নেতারাও এতে সংহতি জানান। ১১ বছর পর সিপিবি এ রকম জাতীয় সমাবেশ করল। এর আগে ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সর্বশেষ লাল পতাকার মহাসমাবেশ করেছিল দলটি। সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, দেশে বর্তমানে ‘খাও খাও পার্টি’র শাসন চলছে। জনজীবনের সংকট নিরসনে এ সরকার পুরোপুরি ব্যর্থ। বিদ্যুৎ সংকটের কথা বলে ‘কুইক রেন্টাল’-এর নামে ‘কুইক পকেট ভারীতে’ ব্যস্ত তারা। তিনি বলেন, তাই বড় দুই দল কিংবা ওয়ান-ইলেভেনের শক্তি নয়, বাঁচতে হলে মানুষকে বামপন্থীদের দিকেই মুখ ফেরাতে হবে। সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘শেখ হাসিনাকে বলব, সিপিবির হাতে ক্ষমতা ছেড়ে দিন। তিন মাসের মধ্যে দ্রব্যমূল্য মানুষের নাগালে চলে আসবে।’মহাজোটকে ‘ফুটন্ত কড়াই’ ও বিএনপি-জামায়াত জোটকে ‘জ্বলন্ত চুলা’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, দেশের মানুষ এতটা আহাম্মক হয়নি যে, ফুটন্ত কড়াই থেকে বাঁচতে ‘জ্বলন্ত চুলায়’ ঝাঁপ দেবে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য সহিদুল্লাহ চৌধুরী সংসদের চলতি অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাস করার দাবি জানান।আরেক সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে যারা বিদেশিদের হাতে তেল-গ্যাসসহ জাতীয় সম্পদ তুলে দিতে চায়, তারা দেশপ্রেমিক হতে পারে না। সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। দুই মাসের কর্মসূচি: সিপিবির সভাপতি দলের ১১ দফা দাবি ও বাম গণতান্ত্রিক বিকল্পের দুর্গ গড়ে তুলতে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে: ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ-সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা, দেশের সব ইউনিয়ন, উপজেলা-জেলায় পদযাত্রা, সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল।