আ.লীগকে সংলাপে বসার তাগিদ ইইউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের দলীয় পতাকা
আওয়ামী লীগের দলীয় পতাকা

আওয়ামী লীগকে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।
আজ সোমবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানায় ইইউ। সন্ধ্যা সাতটায় বৈঠক শুরু হয়ে রাত সোয়া আটটায় শেষ হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সদস্যরা আমাদের বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসার জন্য তাগিদ দিয়েছেন। নির্বাচন মনিটরিং করার জন্য তাঁরা একটি পর্যবেক্ষক দল পাঠানোর কথাও বলেছেন।’
এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন কীভাবে করা হবে, তা তাঁরা জানতে চেয়েছেন। আমরা বলেছি, সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হবে।’ তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল নির্বাচনকালীন সরকারের ব্যাপারে রূপরেখা দিতে পারে। সেখানে যদি সংকটের নিরসন না হয়, তাহলে সংসদের বাইরেও আলোচনা করা যেতে পারে।
হানিফ বলেন, ‘ইইউর প্রতিনিধিদলের সদস্যরা আমাদের বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আমরা তাঁদের বলেছি, সব দলের অংশগ্রহণেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।’
বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার জন্য কূটনীতিকদের চাপ প্রসঙ্গে হানিফ বলেন, ‘তাঁরা আমাদের উন্নয়নের সহযোগী। এই সংকটকালীন মুহূর্তে তাঁরা বিভিন্ন ধরনের পরামর্শ দিতেই পারেন। তবে তাঁদের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’
ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালীন গণতন্ত্র খুবই গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই। এখনই সংলাপের দ্বার উন্মুক্তের প্রকৃত সময়। আমরা আওয়ামী লীগকে তাই বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপের তাগিদ দিয়েছি।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচন হবে। আমরা বাংলাদেশের দশম জাতীয় নির্বাচনের সময় পর্যবেক্ষক দল পাঠাতে চেয়েছি। আওয়ামী লীগ তাতে স্বাগত জানিয়েছে।’
এক প্রশ্নের জবাবে হানা বলেন, ‘আশা করি সংকট নিরসনে আওয়ামী লীগ উদ্যোগ নেবে। কারণ, সংলাপই হচ্ছে সংকট নিরসনের সবচেয়ে ভালো পথ।’ তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে মনে করে ইইউ।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। আর ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বেনজ, মুয়াল্লা চিলাকির, ক্রিস্টিয়ানা অ্যালভেস, টম বিল, পেড্রো আলমিদাসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিল। ইইউ প্রতিনিধিদল আগামীকাল সন্ধ্যায় প্রধান বিরোধী দল বিএনপি এবং পরে বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।