আ.লীগকে সংলাপে বসার তাগিদ ইইউর
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে তারা দেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসতেও অনুরোধ করেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং ইউরোপীয় ইউনিয়নের হাইকমিশনার উইলিয়াম হানা সাংবাদিকদের এসব কথা বলেন।
দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উইলিয়াম হানা। আর আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক খান, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
বৈঠক শেষে উইলিয়াম হানা বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, এটা আমাদের সবার প্রত্যাশা। নির্বাচনকালীন গণতন্ত্র গুরুত্বপূর্ণ। সংলাপের দ্বার উন্মোচিত হওয়ার এখনই গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাদের ইচ্ছা, সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।’ তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনকালীন পর্যবেক্ষক দল পাঠাবে এবং নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত সহযোগিতা করবে।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে বসার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ সব সময় সংলাপের জন্য প্রস্তুত। আর সংলাপের জন্য উত্তম স্থান জাতীয় সংসদ। তবে সংসদে আলোচনা ফলপ্রসূ না হলে সংসদের বাইরেও আলোচনা হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে জানিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে তাঁরা কিছু পরামর্শ দিয়েছেন। সে পরামর্শ নিয়ে আরও আলোচনা হতে পারে।’