আ.লীগকে সমর্থন করে দূরে সরে যাচ্ছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতারণামূলক’ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার মাধ্যমে ভারত নিজেকে বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কখনোই জঙ্গি ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হবে না।
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খালেদা জিয়া এ আশঙ্কা প্রকাশ ও মন্তব্য করেন। পত্রিকাটির সাংবাদিক সোনিয়া সরকারকে ই-মেইলে সাক্ষাৎকারটি দেন তিনি। গতকাল রোববার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ভারতের দীর্ঘ ও গৌরবোজ্জ্বল গণতান্ত্রিক ইতিহাস রয়েছে। দেশটির উচিত বাংলাদেশের জনগণের পক্ষে থাকা; যেভাবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালে তারা ভূমিকা রেখেছে। ‘প্রতারণামূলক’ নির্বাচন ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে আওয়ামী লীগ সরকার বর্তমানে ক্ষমতায় এসেছে, তাদের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে...ভারত নিজেকে বাংলাদেশের জনগণের কাছ থেকে সম্ভবত দূরে সরিয়ে ফেলছে।
বিএনপির চেয়ারপারসন অবশ্য জোর দিয়ে বলেন, তিনি ও তাঁর দল বিএনপি নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ায় বিশ্বাসী।
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে দেশটির সঙ্গে বিএনপির সম্পর্কে প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কোনো ব্যক্তি বা দলবিশেষের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। দুই দেশের জনগণের স্বার্থের দিকে লক্ষ রেখেই এটা হওয়া প্রয়োজন। ভারতের জনগণ তাদের দেশ শাসনে কাকে বেছে নেবে, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জঙ্গিদের বিএনপি আশ্রয় দিচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অভিযোগ সাক্ষাৎকারে নাকচ করে দিয়ে খালেদা জিয়া বলেন, ‘এ অভিযোগ ভিত্তিহীন, অসত্য ও স্পষ্টভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ অতীতে কখনো জঙ্গিদের নিরাপদ আশ্রয় ছিল না এবং ভবিষ্যতেও হবে না।’
জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট এবং আল-কায়েদার সঙ্গে ইসলামি দলটির কথিত সংশ্লিষ্টতা নিয়ে আওয়ামী লীগের অভিযোগের ব্যাপারে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসী হুমকি যেমন হালকাভাবে নেওয়া ঠিক নয়, তেমন কোনো সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলেও এটি ব্যবহার করা উচিত নয়।