আ.লীগকে স্বৈরাচারদের ভাগ্য বরণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ না করলে আওয়ামী লীগকে অতীতের স্বৈরাচারদের মতোই ভাগ্য বরণ করতে হবে।
আত্মগোপনে থাকা বিএনপির মহাসচিব গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে রেখে ষড়যন্ত্র, অপপ্রচার ও অপকৌশল দ্বারা চলমান গণ-আন্দোলনকে কোনোভাবেই কলুষিত করে স্তব্ধ করা যাবে না। তিনি অভিযোগ করেন, প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী ঘোষণা করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নিধনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। এ লক্ষ্যে তারা দেশকে ক্রমান্বয়ে এক চরম নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।
যৌথ বাহিনী এবং তাদের সহায়তায় সরকারি দলের সন্ত্রাসীদের দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।
বিবৃতিতে সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে তাদের সাহায্য-সহযোগিতা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।