মহাজোটের শরিক হলেও জাতীয় পার্টিকে মূল্যায়ন করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। বরং অনেক ক্ষেত্রে দলের ক্ষতি করেছে। তাই আওয়ামী লীগকে ‘উচিত শিক্ষা’ দিতে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। মেয়র নির্বাচনে একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এমন যুক্তিই দেখাচ্ছেন খুলনা জাতীয় পার্টির নেতারা।তবে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ মনে করেন, জাতীয় পার্টি একক প্রার্থী দিলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কারণ, সমর্থকদের অনেকে বিএনপিকে ভোট দেন। তিনি বলেন, সরকারে তাঁদের দলের একজন মন্ত্রী আছেন, কেন্দ্রে তাঁদের অনেকে বিভিন্ন কমিটির সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুতরাং তাঁদের মূল্যায়ন করা হয়নি, এ কথা ঠিক নয়। স্থানীয় জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, বিগত সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ জাতীয়ভাবে জাতীয় পার্টিকে কোনো মূল্যয়ন করেনি। একইভাবে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বিগত পাঁচ বছর নগরের কোনো কাজে তাঁদের ডাকেননি। এ কারণে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা স্থানীয় নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুলনা নগর জাতীয় পার্টির সভাপতি আবদুল গফ্ফর বিশ্বাস প্রথম আলোকে জানান, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। বিভিন্ন সরকারের আমলে তাদের কোণঠাসা করে রাখা হয়েছে। ফলে দলটি বিকশিত হতে পারেনি। দলটি সম্পর্কে জানতে পারেনি নতুন প্রজন্ম। আবদুল গফ্ফর বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন সরকার আমাদের ধ্বংস করার চেষ্টা করেছে। ২৩ বছর আগে জাতীয় পার্টি সারা দেশের মতো খুলনায় ব্যাপক উন্নয়ন করেছে। খুলনা বিশ্ববিদ্যালয়, মহানগর, পাবলিক হল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নকাজ করেছে। আমরা নতুন প্রজন্মকে এসব জানাতে চাই। সে কারণে নির্বাচনে যাচ্ছি।’ মেয়র পদপ্রার্থী জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘গত পাঁচ বছর আওয়ামী লীগ আমাদের অবহেলা করেছে। তাই নেতা-কর্মীরা তাদের “উচিত শিক্ষা” দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘১৪ দলের মধ্যে যে কারও নির্বাচন করার অধিকার আছে। আমরা কাউকে নিষেধ করতে পারি না।’ জাতীয় পার্টিকে মূল্যায়ন করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘মাদকদ্রব্য বন্ধে সম্মিলিত আন্দোলনে, দলীয় অনেক সভায় ও খুলনার উন্নয়নসহ অনেক কাজে তাদের ডেকেছি, কিন্তু তারা আসেনি।’