আ.লীগবিরোধী ভোট বিভাজনে পীরগঞ্জে বিজয়ী নৌকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় এবার আওয়ামীবিরোধী ভোট ভাগ হয়ে যাওয়াই নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করেছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। নৌকাবিরোধী ২০-দলীয় জোটের ভোট ধানের শীষ এবং বিভক্ত জাতীয় পার্টির সব ভোট এবার পড়েছে লাঙ্গলে। আর আওয়ামী লীগের সব ভোট পড়েছে নৌকা প্রতীকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম ও সহসভাপতি মো. শামীমুজ্জামান বলেন, নৌকা প্রতীকে কোনো নির্বাচন হলে বেশির ভাগ নেতা-কর্মী-সমর্থক সব ভেদাভেদ ভুলে যান। ঠাকুরগাঁও-৩ নির্বাচনী আসনটি স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত। মাঝখানে আওয়ামী লীগ জোটবদ্ধভাবে জাতীয় নির্বাচন করায় এ আসনটিতে দীর্ঘদিন থেকেই আওয়ামী লীগের কোনো নেতাকে মহাজোট থেকে দেওয়া হয়নি। এ আসনে পরপর দুবার জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মহাজোটের নির্দেশে নৌকা ছেড়ে লাঙ্গল প্রতীকের পক্ষে ওই সময়গুলোতে কাজ করেছেন। তখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগের যৌথ পরিশ্রমে পরপর দুবারই এখান থেকে বিপুল ভোটে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হন। এতে নৌকা প্রতীকটি লাঙ্গলের আড়ালে পড়ে যায়।
এবারই প্রথম দলীয় প্রতীকে এ নির্বাচন হলো। গত পৌরসভা নির্বাচনে মহাজোটের প্রার্থী ছিলেন আওয়ামী লীগের ইকরামুল হক। ওই নির্বাচনে তিনি ৬ হাজার ২০০ ভোট পেয়েও প্রায় এক হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান। অথচ এবার মাত্র ৫ হাজার ৭০০ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী কশিরুল আলম বিজয়ী হন। বিএনপি প্রার্থী রাজিউর রহমান এবার ভোট পান ৫ হাজার ১১৩ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম হোসেন পান ৩ হাজার ৪২৩ ভোট।
আওয়ামীবিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ায় আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ী হওয়া সহজ হয়েছে বলে দলের অনেক নেতা-কর্মীই মনে করছেন। তাঁরা মনে করেন, নির্বাচনের সময় বরাবরই পীরগঞ্জে আওয়ামীবিরোধী একটি সুর ওঠে। ওই সুরে সুর মিলিয়ে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির ভোটাররা এক হয়ে আওয়ামীবিরোধী পাল্লা ভারী করে ফেলেন। গত পৌর নির্বাচনে তাই হয়েছিল। নির্বাচনের প্রথম দিকে বিএনপি জোট আনারস এবং জাতীয় পার্টির প্রার্থী চশমা প্রতীকের জন্য স্বাভাবিকভাবে নির্বাচন প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার আগে আগে চশমা প্রতীকের কর্মীরা প্রচারণা কমিয়ে দেন। সে সময় জাতীয় পার্টির আওয়ামী লীগবিরোধী নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার করতে থাকেন। ফলে বিএনপি জোটের প্রার্থীর আনারস প্রতীক মহাজোটের প্রার্থীর মোটরসাইকেলকে পরাজিত করে।
কিন্তু এবার আওয়ামীবিরোধী ভোট ভাগ হয়ে নিজ নিজ দলীয় প্রতীকেই পড়ে। ২০ দলের নেতা-কর্মীদের ভোট পড়েছে ধানের শীষে। আর জাতীয় পার্টির ভোট পড়েছে লাঙ্গল প্রতীকে। এতে ধানের শীষ ৫ হাজার ১১৩ ভোট পেলেও লাঙ্গল পায় ৩ হাজার ৪২৩ ভোট। গত পৌর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম হোসেন পেয়েছিলেন মাত্র সাড়ে বারো শ ভোট।
জাতীয় পার্টির প্রার্থী গোলাম হোসেন বলেন, ‘ভোটের কাছাকাছি দিনগুলোতে আমার কর্মী বাহিনী যে হারে বাড়ানো দরকার ছিল, প্রচারের মাঠে আমি সে হারে কর্মী পাইনি। শেষ সময়ে আমার ঊর্ধ্বতন নেতাদের আশানুরূপ সহযোগিতা পাওয়া যায়নি। এ কারণে শেষ মূহু র্তে আমি মার খেয়ে গেছি। এ ছাড়া বড় দুই দলের কালোটাকার কাছে আমি টিকতে পারিনি।’
বিএনপির প্রার্থী রাজিউর রহমান বলেন, ‘মাত্র কয়েক শ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের কাছে হেরেছি। নির্বাচনের শেষ দিনগুলোতে প্রতিপক্ষের কালোটাকার খেলার কাছে আমি পরাজয় বরণ করেছি।’
আওয়ামী লীগের প্রার্থী এবারের নির্বাচিত মেয়র কশিরুল আলম অবশ্য টাকার খেলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এবারের নির্বাচন হয়েছে সম্পূর্ণরূপে দলীয় নির্বাচন। নৌকা প্রতীক পেয়ে পৌর এলাকার মানুষ প্রাণভরে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।’