ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন দল ও সংগঠন।
গতকাল রোববার পৃথক বিবৃতি ও কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন ও মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে। সংগঠনগুলো হামলা বন্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক জনমত গঠনে উদ্যোগ নিতেও আহ্বান জানিয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্যালেস্টাইন-ইরাক সংহতি পরিষদ আগামী বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার শাহ্বাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ ডেকেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে অবিলম্বে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই বর্বরোচিত হামলা বন্ধের দাবি জানান। তিনি বলেন, পাঁচ দিন ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় বিমান ও মর্টার হামলা অব্যাহত রেখেছে। গত শনিবার তারা দুটি মসজিদ, দাতব্য প্রতিবন্ধী কেন্দ্রসহ বেশ কয়েক জায়গায় হামলা চালিয়েছে। অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনের গাজায় এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, যা বিপন্ন মানবতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির স্ট্যান্ডিং কমিটি এক বিবৃতিতে ইসরায়েলের ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে এই হামলায় বেসামরিক ফিলিস্তিনি জনগণ নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল সই করা এক বিবৃতিতে ফিলিস্তিনে অব্যাহত হামলার ঘটনার নিন্দা ও উদ্বেগ জানানো হয়। আন্তর্জাতিক জনমত সৃষ্টির মাধ্যমে ইসরায়েলের ওপরে চাপ সৃষ্টিতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আসক।
গণসংহতি আন্দোলন অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে গতকাল বিকেলে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদসহ অন্য নেতারা।