আ.লীগসহ ১২ দলকে সতর্ক করল ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় আওয়ামী লীগসহ ১২টি রাজনৈতিক দলকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আজ রোববার কমিশন সচিবালয় থেকে দলগুলোর কার্যালয়ে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে নির্বাচনী আইনের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, আগামী ২৩ মের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে। অন্যথায় জরিমানা আরোপসহ সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করা যাবে।

চিঠিতে আরও বলা হয়েছে, গত ২৩ জানুয়ারি কুড়িগ্রাম-৪ আসনের ভোট গ্রহণ শেষ হয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে। এই হিসেবে ২৩ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হয়েছে।

১২টি দল হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, তরীকত ফেডারেশন, গণফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বিএনএফ।

আরপিওর অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন সেই দলকে সতর্ক করে পরবর্তী ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে বলবে। তাতে ব্যর্থ হলে সেই দলটিকে ১০ হাজার টাকা জরিমানা করে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দেওয়ার জন্য চিঠি দেবে। তাতেও ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করা যাবে।