কুমিল্লার বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে নয়টিতে ৩১ মার্চ দ্বিতীয় দফায় নির্বাচন। এর মধ্যে ছয়টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আটজন ও একটিতে বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে রয়ে গেছেন।
রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর ও দলীয় সূত্রে জানা গেছে, আড্ডা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. দুলাল মিয়া। সেখানে ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল ইসলাম ও আওয়ামী লীগের কর্মী তোফায়েল হোসেন।
এ ইউপিতে বিএনপির প্রার্থী জাফর উল্লাহ চৌধুরী। ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন তাঁর মামাতো ভাই আকতার হোসেন। আদ্রা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. মনজুর হোসেন। ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সৈয়দ আহম্মদ। এখানে বিএনপির প্রার্থী মো. ফজলুল হক।
আগানগর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মাজহারুল ইসলাম। ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ও অলি উল্লাহ। বিএনপির প্রার্থী ইফতেখার আলম শাহীন।
খোশবাস উত্তর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল হাসান, বিএনপির জাকির হোসেন ও জাতীয় পার্টির শাহআলম পাটোয়ারী।
ঝলম ইউপিতে আওয়ামী লীগের নুরুল ইসলাম। দলটির ‘বিদ্রোহী’ প্রার্থী ইয়ামিন মিয়াজী। এখানে বিএনপির প্রার্থী ইয়াছিন মিয়াজী। চিতড্ডা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম। ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান। বিএনপির প্রার্থী মো. ফারুক। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন। ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল হোসেন। এখানে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম। ভবানীপুর ও পয়ালগাছায় আওয়ামী লীগ ও বিএনপিতে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। না সরলে দল ব্যবস্থা নেবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যাঁরা নির্বাচন করছেন, তাঁদের সরে যাওয়ার জন্য বলা হয়েছে।