আ.লীগে উপেক্ষা আর বঞ্চনার ক্ষোভ
কুড়িগ্রামের তিনটি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (এরশাদ) তাঁদের একক প্রার্থী চূড়ান্ত করেছে। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনায় আভাস পাওয়া গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল বলেন, কুড়িগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ থেকে চারজন প্রার্থী আছেন। এর মধ্যে সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, প্রাক্তন পৌর কমিটির সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান দুলাল ও যুবলীগের সাধারণ সম্পাদক হাজী দুলাল মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে আবদুল জলিলকে মনোনয়ন দেওয়া হয়েছে। উলিপুর পৌরসভায় মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান মেয়র আবদুল হামিদকে। এ ছাড়া নাগেশ্বরী পৌরসভায় দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু। তিনি গত ২২ নভেম্বর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।
দলের স্থানীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, মনোনয়নবঞ্চিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান দুলাল স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সাইদুল হাসান দুলাল গত মঙ্গলবার কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। সেখানে তিনি দাবি করেন, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে কুড়িগ্রাম পৌরসভায় মনোনয়ন দেওয়া হয়েছে। এ কারণে তিনি স্বতন্ত্র অথবা অন্য কোনো পার্টি থেকে নির্বাচন করবেন। দুলালের সমর্থকেরা গতকাল বুধবার বলেন, জাতীয় পার্টি (এরশাদ) থেকে মনোনয়ন পেতে তাঁদের নেতা ঢাকায় অবস্থান করছেন।
এদিকে কাজিউল ইসলাম জানান, ‘নেতা-কর্মীরা চাচ্ছে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। তাঁদের প্রতি সম্মান জানিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব।’
এদিকে উলিপুরের মনোনয়নবঞ্চিত প্রার্থী পৌর আওয়ামী লীগ কমিটির সদস্য সাজাদুর রহমান ওরফে সাজু স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, কেন্দ্র থেকে কুড়িগ্রাম পৌরসভায় বর্তমান মেয়র নুর ইসলাম নুরুকে, উলিপুরে উপজেলা বিএনপির সদস্য তারিক আবু আলা চৌধুরীকে এবং নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে পৌর বিএনপির সভাপতি আদম আলীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।