আ.লীগে ঐক্য চাইলেন মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ভেতর বিভেদ সৃষ্টি না করতে দলীয় নেতাদের অনুরোধ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে দলীয় নেতাদের ঐক্য চেয়েছেন তিনি। নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।নগরের জামালখানের একটি কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা হয়। এতে নগরের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড ও ১২টি সাংগঠনিক থানার সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নগর কমিটির বেশির ভাগ নেতা উপস্থিত ছিলেন। তবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এবং সাংসদ নুরুল ইসলাম বিএসসি কিংবা তাঁদের অনুসারীরা সভায় যোগ দেননি।আগামী ৯ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে সভানেত্রী শেখ হাসিনার মতবিনিময় হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কেউ বৈঠক ডাকতে পারেন না। ব্যক্তিস্বার্থের জন্য কেউ কেউ বিভেদ সৃষ্টি করছেন। এতে সংগঠনে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আমাকে আপনাদের ভালো লাগে না। আমার অপরাধ কী, তা তো বলতে হবে। আমি নিজেকে সংশোধন করব। তবু দলে বিভেদ সৃষ্টি করবেন না। কারণ, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে হলে আমাদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।’মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘আমি শৃঙ্খলায় বিশ্বাস করি। কেন্দ্রের নির্দেশের কারণে আমি ইউনিট ও ওয়ার্ড শাখার সম্মেলন বন্ধ রেখেছি।’আগামী ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘ওই দিন নতুন কমিটি সাজানো হতে পারে। দেশের অন্যান্য জেলার চেয়ে আমাদের সাংগঠনিক তৎপরতা বেশি। প্রতি মাসে আমরা দু-একটি করে কর্মসূচি পালন করে যাচ্ছি।’ দেড় বছর আগে সিটি করপোরেশন নির্বাচনের পর গতকালের বর্ধিত সভায় উপস্থিতি বেশি ছিল। বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতারা এতে যোগ দেন।