সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচন ঘিরে আওয়ামী লীগের কোন্দল নিরসন হলেও বিএনপির দ্বন্দ্ব রয়েই গেছে। উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পেতে উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান আলী সরকার, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল কাদের আবেদন করেন। আওয়ামী লীগ থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে এস এম নজরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ফয়সাল কাদের মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাইয়ে ফয়সালের মনোনয়নপত্র বাতিল হলেও আপিলে বৈধ হয়। এরপর ফয়সাল আওয়ামী লীগের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও তিনি দলীয় সদস্যপদ থেকে পদত্যাগের বিষয়ে অটল রয়েছেন।
ফয়সাল বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে স্বেচ্ছায় মেয়র প্রার্থী থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। তবে দলের কাছে গত শুক্রবার দলীয় পদ থেকে যে পদত্যাগপত্র জমা দিয়েছি, তা আর প্রত্যাহার করব না।’
আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা-কর্মী বলেন, নজরুল এলাকার সাংসদ তানভীর ইমামের সমর্থনপুষ্ট। আর ফয়সাল কাদের ছিলেন ত্যাগী নেতাদের ‘আশীর্বাদ’পুষ্ট। প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব না থাকলেও নির্বাচনে এর প্রভাব কিছুটা পড়বে।
অপরদিকে বিএনপি থেকে প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম বেলাল হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্তমান সদস্যসচিব আজাদ হোসেন দলীয় মনোনয়ন চান। কেন্দ্র থেকে বেলাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
সম্প্রতি উল্লাপাড়া উপজেলা বিএনপির কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শিল্পপতি কাজী কামালকে আহ্বায়ক ও আজাদ হোসেনকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিএনপির স্থানীয় চার-পাঁচজন নেতা-কর্মী বলেন, নির্বাচনের আগমুহূর্তে আকস্মিকভাবে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নেতা-কর্মীরা প্রকাশ্যে এখন পর্যন্ত দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে নামেননি।
এ বিষয়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘দলীয়ভাবে প্রার্থী হয়ে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছি। আমি আশা করি দলীয়সহ বিরোধী দলের ভোটও আমি পাব। আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই।’
বিএনপির মেয়র পদপ্রার্থী বেলাল হোসেন বলেন, ‘নির্বাচনের জন্য দলীয়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছি। নতুন ও পুরোনো কমিটির সব সদস্যের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। বিপক্ষে থাকলেও কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক তাঁরা আমার সঙ্গে কাজ করবেন বলে আশা করি। সাধারণ জনগণ আমার পক্ষে রয়েছেন।’
জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দল পুনর্গঠনে উপজেলা কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পৌর নির্বাচনে ভোটের বিষয়ে দলীয় সিদ্ধান্তই সবাই মেনে চলবে বলে আমি মনে করি। এখানে দলে বিভক্তি নেই।’