কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগ এখন তিন টুকরো। এতে নেতৃত্বে রয়েছেন সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী, সাবেক সাংসদ আবদুল হাকিমের ছেলে কামরুল ইসলাম ও ব্যবসায়ী এনামুল হক। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর রহমানিয়া কনভেনশন সেন্টারে নাছিমুলের হাতে ফুল দিয়ে এক হলেন কামরুলের অনুসারীরা।
জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘দলের মধ্যে বিভেদ রেখে জয়ী হওয়া সম্ভব নয়। গ্রুপিং করে দল করা যাবে, নির্বাচনে জয়ী হওয়া যাবে না। বরুড়া পৌরসভা নির্বাচনে আমার বড় অথবা ছোট ভাই নির্বাচন করবে। এ জন্য আমরা নাছিমুল আলম চৌধুরীর সহযোগিতা চেয়েছি। একসঙ্গে আমরা উনাকে নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে চাই। তাই আমার অনুসারীরা সবাই তাঁর সঙ্গে দেখা করেছেন। এ ঐক্য অব্যাহত থাকবে।’
জানতে চাইলে এনামুল হক বলেন, ‘জেলা আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দেবে। যাঁরা একীভূত হয়েছেন সবাই আওয়ামী লীগ করেন। এর বেশি কিছু বলতে চাই না।’
নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘পুরো উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী দিনে বরুড়া পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থীকে বিজয়ী করা হবে। সে জন্য নেতা-কর্মীদের একযোগে কাজ করতে হবে। কামরুলের অনুসারীরা এসেছেন। কথা বলেছি।’