কয়েক দিন পরই কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন। নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। তবে প্রার্থী নিয়ে আওয়ামী লীগে অন্তঃকোন্দল ও বিএনপিতে বিদ্রোহী প্রার্থী থাকায় দুই দলই বিপাকে রয়েছে। এ কারণে পৌর শহরে নির্বাচনী আমেজও নেই।
এদিকে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তাঁরা দল দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো দলীয় প্রতীকে এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মেছবা উদ্দিন এবং বিএনপি থেকে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মো. জালাল উদ্দিন মনোনয়ন পেয়েছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান। এখানে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই। সম্প্রতি বিএনপি থেকে আক্তারুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ৩১ অক্টোবর পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ বছরের শুরুর দিকে সারা দেশে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় কিশোরগঞ্জের আটটি পৌরসভার মধ্যে সাতটির নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ না হওয়ায় তখন এ পৌরসভার নির্বাচন হয়নি।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, তৃণমূলের মতকে উপেক্ষা করে আওয়ামী লীগ মো. মেছবা উদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। অভিজ্ঞ নেতাদের বাদ দিয়ে তাঁকে মনোনয়ন দেওয়ায় দলে কোন্দল বিরাজ করছে। নেতা-কর্মীরা দলীয় সিদ্ধান্ত মেনে নিলেও নির্বাচনী প্রচারণায় তাঁরা অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাকুন্দিয়া পৌরসভায় দল থেকে এমন একজনকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে, যাঁর উপজেলা আওয়ামী লীগে কোনো গ্রহণযোগ্যতা নেই এবং তিনি দলের সদস্যও না। তৃণমূলের একটি ভোটও পাননি তিনি। তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করে কেন্দ্রীয় কমিটি তাঁকে মনোনয়ন দিয়েছে। তিনি যেহেতু নির্বাচন করবেন, তাঁর উচিত ছিল নিজের পরিচিতির জন্য হলেও আগেভাগে মাঠপর্যায়ে কাজ করা।
মেয়র পদের জন্য তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থন পাওয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন বলেন, পাকুন্দিয়া পৌরসভায় নৌকাকে ডোবানোর ষড়যন্ত্র করেই এ রকম একজন অযোগ্য লোককে মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগ ও ধানমন্ডি কেন্দ্রীয় কার্যালয়ের একটি গ্রুপ মনোনয়ন-বাণিজ্যের মাধ্যমে দলকে ধ্বংস করার জন্য ওই লোকটিকে মনোনয়ন দিয়েছে। এ কারণে নির্বাচনবিমুখ রয়েছেন দলটির ত্যাগী অনেক নেতা-কর্মী।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মেছবা উদ্দিন দাবি করেন, দলের সব নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন। তিনি অন্যদের মতো হইহুল্লোড় করেন না। নীরবে কাজ করছেন। দলে বিভেদ থাকলেও নির্বাচনের দিন ঠিকই সবাই তাঁকে ভোট দেবেন।
বিএনপি থেকে বর্তমান মেয়র মো. জালাল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দলটির বিদ্রোহী প্রার্থী মো. আক্তারুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছেন বলে তাঁর সমর্থকেরা দাবি করেছেন। দলটির অনেক জ্যেষ্ঠ নেতা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রকাশ্যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়া ও উপজেলা যুবদল সভাপতি আহমদ ফারুকসহ অনেকেই তাঁর পক্ষে প্রচার চালাচ্ছেন। দলটির অনেক নেতা-কর্মী বলেন, বর্তমান মেয়র পাঁচ বছর ক্ষমতা থাকাকালে দলের নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। এমনকি ভোটারদের প্রতিশ্রুতিও তেমন একটা রক্ষা করতে পারেননি। তাই সাধারণ জনগণ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
বিএনপির প্রার্থী জালাল উদ্দিন বলেন, তিনি এ পৌরসভার প্রথম মেয়র হিসেবে পাঁচ বছর সফলতার সঙ্গে কাজ করেছেন। দল ক্ষমতায় না থাকায় কিছু অপ্রাপ্তি রয়েছে।
তবে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার মোস্তফা মিয়া বলেন, ‘এবার আর মিষ্টি কথায় ভুলব না। যিনি সৎ এবং পৌরসভার উন্নয়নের জন্য কাজ করবেন তাঁকেই ভোট দেব।’ ৩ নম্বর ওয়ার্ডের ভোটার মো. হাবিবুল্লাহ বলেন, ‘যিনি জনগণের জন্য কাজ করবেন এবং সাধারণ জনগণ ডাকলে যাঁকে সব সময় কাছে পাবেন, তাঁকেই ভোট দেব।’
বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান বলেন, ‘ইতিমধ্যেই আওয়ামী লীগ ও বিএনপির গণবিচ্ছিন্ন দুই প্রার্থীকে জনগণ প্রত্যাহার করেছে। পৌরসভার বেশির ভাগ ভোটার আমার সঙ্গে আছে।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।