আ.লীগে তিন প্রার্থী সমর্থকেরা বিভক্ত
নীলফামারী পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। ২২ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার ২৭ হাজার ১১৩ জন ভোটার আগামীকাল ভোট দেবেন পৌর পরিষদে। বিগত চারটি নির্বাচনে পৌর পিতার পদে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিরা জয়ী হলেও এবার পরিস্থিতি ভিন্ন। দলের তিন নেতা প্রার্থী হওয়ায় দলীয় সমর্থকেরা পড়েছেন বিপাকে। স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় একাধারে চারবার মেয়র নির্বাচিত হন দলীয় নেতা দেওয়ান কামাল আহম্মেদ। এবারও তিনি প্রার্থী হয়েছেন, পেয়েছেন দলের সমর্থনও। কিন্তু দলের অপর দুই নেতা আনিস উজ্ জামান ও আমিনুল হক মাঠেই থেকে যান। এমনকি এ অবস্থায় আওয়ামী লীগের একটি অংশ দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে আমিনুল হকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের একটি অংশ নয়, ৯৫ ভাগ নেতা-কর্মী আমিনুল হকের পক্ষে কাজ করছেন। কারণ তিনি ছাত্রলীগের সাবেক নেতা ও একজন মুক্তিযোদ্ধা। কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু স্থানীয় আওয়ামী লীগ আমিনুল হককে সমর্থন দিয়েছেন, সে কারণে তাঁদের সিদ্ধান্তই সঠিক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক বলেন, দলের অনেক নেতা-কর্মী আমিনুলের পক্ষে কাজ করছেন। এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। এদিকে গত শনিবার সন্ধ্যায় দেওয়ান কামাল আহম্মেদের তিনটি নির্বাচনী পথসভায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যাঁরা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাঁদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এই পৌরসভায় ছয়জন মেয়র প্রার্থী নির্বাচনী মাঠে আছেন। তাঁদের মধ্যে জহুরুল আলম ও আনিসুর রহমান বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও জেলা বিএনপি আনিসুর রহমানকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। অন্যদিকে জামায়াতের সমর্থন পেয়ে নির্বাচন করছেন আবু হেলাল।