আ.লীগে তোড়জোড়, বিএনপিতে নীরবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে ব্যাপক তোড়জোড় লক্ষ করা গেলেও বিএনপিতে চলছে নীরবতা। আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়াসহ এলাকার প্রতিটি ওয়ার্ডে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়া দলকে সংগঠিত করার জন্য মূল দলসহ সহযোগী ও অঙ্গসংগঠনের সম্মেলন ও সমাবেশ আয়োজন করছে আওয়ামী লীগ। আর দলীয় কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থীরা এলাকায় প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন।
সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের মেয়র পদপ্রার্থী মনোনীত করা হয়েছে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে যেন একজন করে দলীয় কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দেওয়া যায়, সেই প্রক্রিয়া চলছে। দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘দলের স্থানীয় রায়ে আমি মেয়র পদে মনোনীত হয়েছি। আশা করছি, কেন্দ্র আমাকে মনোনয়ন দিয়ে তৃণমূলের রায়ের প্রতি সম্মান দেখাবে।’ তিনি আরও বলেন, ‘যেভাবে দলের কাউন্সিলররা আমাকে জয়ী করেছেন, ঠিক একইভাবে এলাকার ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়ী করবেন, ইনশা আল্লাহ।’
নির্বাচন নিয়ে আওয়ামী লীগে ব্যাপক তোড়জোড় লক্ষ করা গেলেও বিএনপিতে নেই কোনো প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম। এবারের পৌর নির্বাচনে বিএনপি থেকে তিনজন মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন বর্তমান মেয়র সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো. কামরুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক এস এম আকতারুজ্জামান। এই তিনজনই শুধু এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চুপচাপ রয়েছেন। কাউকে নির্বাচনী প্রচার-প্রচারণায় দেখা যাচ্ছে না। দলীয় কার্যক্রম না থাকায় কে বিএনপি থেকে মনোনয়ন পাবেন, তা স্পষ্ট হচ্ছে না।
বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘দলের কেন্দ্রের সিদ্ধান্ত না আসায় এখনো জোরেশোরে প্রচারণা শুরু করা হয়নি। তবে এলাকার ভোটারদের সঙ্গে সার্বক্ষণিক আমার যোগাযোগ রয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী। মেয়র হয়ে গত পাঁচ বছর এলাকার মানুষের জন্য কাজ করেছি। আশা করি, এলাকার মানুষ ও দল আমার কাজের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দিয়ে পুনরায় জয়ী করবে।’
সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি ফিরোজ মো. কামরুল হাসান বলেন, ‘আমি নির্বাচনের মাঠে রয়েছি। দলীয় মনোনয়ন পেলে পুরোদমে কাজ শুরু করব।’ তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা নির্বাচনমুখী, তাঁরা নির্বাচনের মাঠে থাকতে চান। কিন্তু যেভাবে দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, তাতে কী করে তাঁরা দলীয় কার্যক্রম ও ভোটের কাজ করবেন? তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা জয়ী হবেন।
সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর আলী বলেন, মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য তৃণমূল নেতা-কর্মীদের মতামত নেওয়া উচিত। কারও একক সিদ্ধান্তে কাউকে মনোনয়ন দেওয়া হলে দলের ভেতরে কোন্দল বাড়বে। এর প্রভাব পড়বে আগামী ভোটে।