আ.লীগে দৌড়ঝাঁপ, বিএনপি চুপচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের নয়জন। অন্যদিকে, বিএনপির দুজন এখনো চুপচাপ।

উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের  চার-পাঁচজন পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে পোস্টার-ব্যানার টানিয়ে নিজেদের সম্ভাব্য প্রার্থিতার জানান দিচ্ছেন। কেউ কেউ উঠানবৈঠক ও পথসভা করছেন। মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে তাঁরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে বেশির ভাগ নেতাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঢাকা ও মতলব উত্তর উপজেলার বাসভবনে দৌড়ঝাঁপ করছেন। এই মন্ত্রীর আশীর্বাদ ও সমর্থন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তাঁরা।

সূত্র আরও জানায়, মেয়র পদে আওয়ামী লীগের নয়জন মনোনয়নপ্রত্যাশী হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম গিয়াসউদ্দিন, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগেরসহসভাপতি মো. হুমায়ুন কবির ও দেওয়ান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান ও আজিজ বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আল-আমিন ফরাজী।

          উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান বলেন, স্থানীয় মন্ত্রী, কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা দলীয় প্রার্থী নির্বাচনে যে দিকনির্দেশনা দেবেন, তাঁরা সে অনুসারেই কাজ করবেন। দলের জ্যেষ্ঠ ও ত্যাগী নেতাদের অগ্রাধিকার পাওয়া উচিত।

          উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, এবার মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাত্র দুজন। একজন হচ্ছেন মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার বর্তমান মেয়র এনামুল হক বাদল, আরেকজন উপজেলা বিএনপির সদস্য মেজবাউদ্দিন মেজু। মেয়র এনামুল হক দৃশ্যত চুপচাপ থাকলেও দলীয় নেতা-কর্মী, ভোটার ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। মেজবাউদ্দিন পোস্টার ছাপিয়ে নিজের সম্ভাব্য প্রার্থিতার জানান দিয়েছেন মাত্র।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংশয় কাজ করছে। এ জন্য অনেকেই প্রার্থী হতে চান না।