আ.লীগে নতুন মুখ, সাবেক সাংসদ হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে মনসুর রহমানকে। আওয়ামী লীগের রাজনীতিতে তিনি পুরোনো মানুষ হলেও দলটির মাঠের রাজনীতিতে তিনি তুলনামূলক নতুন মুখ। এবারের নির্বাচনে পুরোনো কোনো পরিচিত মুখকে প্রার্থী না করে মনসুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়ায় এই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মনসুর রহমানকে প্রার্থী করার প্রতিবাদে এ আসন থেকে আওয়ামী লীগের  এক মনোনয়নপ্রত্যাশীর সমর্থকেরা এলাকায় মনাববন্ধন করেছেন। অপর দিকে এ আসনের সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

 এবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পাওয়া মনসুর রহমান রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক।

মনসুর রহমানের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিশমত গণকৈড় ইউনিয়নের আড়ইল গ্রামে। তাঁর বাবার নাম আবদুর রহমান মণ্ডল। মনসুর রহমানের মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে গত রোববার দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে দুর্গাপুর বাজারে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।

এ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ আবদুল ওয়াদুকে এবার মনোনয়ন দেওয়া হয়নি। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও এ আসনের সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক। তা না পেয়ে তিনি ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তিনি ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনের সাংসদ হন। ২০০৮ সালের নির্বাচনে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ার পর আবার তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তাজুল ইসলাম রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। গতকাল সোমবার তিনি প্রথম আলোকে বলেন, স্কুলজীবন থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এবারও তিনি মনোনয়নপত্র তুলেছেন। দল থেকে মনোনয়ন চেয়েছেন। অথচ তাঁকে বাদ দিয়ে আরেকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাঁকে দল থেকে মনোনয়ন না দেওয়া হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন।

অপর দিকে দলীয় মনোনয়নের জন্য মাঠে ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সহসভাপতি ওবায়দুর রহমান। তাঁকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকেরা গত রোববার সন্ধ্যার পরে মানববন্ধন করেন। এ ব্যাপারে কথা বলার জন্য ওবায়দুর রহমানের মুঠোফোনে চেষ্টা করেও তাঁর ফোন ব্যস্ত পাওয়া গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে পুঠিয়া দুর্গাপুর আসনে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে নানা ধরনের বিভক্তির সৃষ্টি হয়েছে। বর্তমান সাংসদ আবদুল ওয়াদুদের বিপক্ষে অবস্থান নিয়ে এ আসনে আওয়ামী লীগের আরও নয়জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়নযুদ্ধে অংশ নেন। রাজশাহীর বাকি পাঁচটি আসনের প্রার্থী অপরিবর্তিত থাকলেও এ আসনে পরিবর্তন করা হয়েছে।

প্রার্থী হিসেবে নতুন মুখ আনার ব্যাপারে স্থানীয় আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘মনসুর রহমানের কথা আমিও শুনেছি। তবে তাঁর সঙ্গে আমার পরিচয় হয়নি। পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় রয়েছে । মনসুর রহমান কোথাও কোনো দিন নেতা–কর্মীদের সঙ্গে পরিচিত হতেও আসেননি। সাধারণ ভোটারদের কাছেও তিনি একদম অপরিচিত ও নতুন মুখ।’

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবুল ফজল বলেন, ‘মনসুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। মনসুর রহমান একজন “ক্লিন ইমেজ”–এর প্রার্থী।’