আ.লীগে নির্বাচনী তোড়জোড়, প্রার্থী নিয়ে দোলাচলে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৩ আসনে নির্বাচনী তোড়জোড় শুরু করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রায় প্রতিদিনই নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাদেক খান। কিন্তু প্রার্থী এখনো চূড়ান্ত না হওয়ায় বিএনপির নির্বাচনী কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের ৭টি ওয়ার্ড নিয়ে ঢাকা-১৩ আসন। ২০০১ সালে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন বিএনপির জিয়াউর রহমান খান ও ২০০৮ ও ২০১৪ সালে আসনটি থেকে বিজয়ী হন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক।

এবারও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বর্তমান সাংসদ জাহাঙ্গীর কবির নানক। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান। অন্যদিকে এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১২ জন। পরে আলোচনায় থাকা তিনজনকে দলের প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আতাউর রহমান ঢালি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি আতিকুল ইসলাম মতিন।

দুই দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকেই ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভক্ত ছিলেন। মনোনয়নপ্রত্যাশী সাদেক খান ও জাহাঙ্গীর কবির নানকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আওয়ামী লীগ থেকে সাদেক খানকে মনোনয়ন দেওয়ার পর গত সোমবার দলীয় নেতা-কর্মীদের মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ডাকেন নানক। সেখানে সাদেক খানও উপস্থিত ছিলেন। ওই সময় সব ভেদাভেদ ভুলে নানক তাঁর অনুসারীদের সাদেক খানের সঙ্গে কাজ করার নির্দেশ দেন। এর পর থেকে সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের রাজনীতিতে পরিবর্তন আসতে শুরু করে। গত কয়েক দিনে নানকের অনুসারীদের অনেকেই সাদেক খানের সমর্থনে আয়োজিত দলীয় মতবিনিময় ও বর্ধিত সভায় যোগ দিয়েছেন। বিভক্তি ভুলে অনেকেই সাদেক খানের জন্য কাজ করতে শুরু করেছেন।

নানকের অনুসারী হিসেবে পরিচিত নাগরিক কমিটির মোহাম্মদপুর শাখার সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমরা নৌকার লোক, শেখ হাসিনার লোক। সাদেক খানকে মনোনয়ন দেওয়া হয়েছে, নানক ভাই মেনে নিয়েছেন, আমরাও মেনে নিয়েছি।’

এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে এলেও আসনটিতে বিএনপির রাজনীতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। দল থেকে প্রাথমিক মনোনয়ন পাওয়া তিন নেতাই তাঁদের অনুসারীদের নিয়ে আছেন। প্রত্যেকের অনুসারীরাই দাবি করছেন, মনোনয়ন দৌড়ে তাঁর পছন্দের নেতাই এগিয়ে আছেন।

মনোনয়ন পাওয়া আবদুস সালামের অনুসারীরা বলছেন, দলীয় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী তিনি মোহাম্মদপুর এলাকার রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তবে অন্য দুই প্রার্থীর অনুসারীরা দাবি করছেন, দল থেকে আবদুস সালামকে নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তাঁরা সাদেক খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে স্থানীয় আতাউর রহমান ঢালি ও আতিকুল ইসলাম মতিনকে এগিয়ে রাখছেন।

অনুসারীদের নিজ নিজ প্রার্থীদের এগিয়ে রাখায় দলীয় বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। তবে এই বিভক্তি শেষ পর্যন্ত থাকবে না বলে মনে করছেন মনোনয়নপ্রত্যাশী আতাউর রহমান ঢালি। তিনি বলেন, গত ৮-১০ বছরের নির্যাতনের কারণে দলীয় নেতা-কর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দল থেকে শেষ পর্যন্ত যাঁকে মনোনয়ন দেওয়া হবে অন্যরা তাঁর পক্ষেই কাজ করবেন।

আতিকুল ইসলাম বলেন, ৩৬ বছর থেকে তিনি মোহাম্মদপুরে রাজনীতি করছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা-কর্মীই তাঁর সঙ্গে আছে।  

বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, দল থেকে প্রার্থিতা এখনো চূড়ান্ত না হওয়ায় নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কার্যক্রম এখনো জোরদার হয়নি। তবে তিন প্রার্থীই নিজ নিজ অনুসারীদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক-আলোচনা করছেন।

আবদুস সালাম বলেন, দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি ঘরোয়াভাবে সাংগঠনিক কার্যক্রম করছেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা-সমাবেশ করছে। কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।