আ.লীগে প্রার্থী চূড়ান্ত হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের চারজন সম্ভাব্য প্রার্থী দলের মনোনয়ন পাওয়ার জন্য এক মাস ধরে দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু গতকাল রোববার পর্যন্ত কোনো প্রার্থী চূড়ান্ত হননি। অন্যদিকে দলের সবুজসংকেত পেয়ে স্বস্তিতে আছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৪ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দ্বিধাবিভক্ত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে দুজন প্রার্থী নির্বাচনে অংশ নেন। গত পৌর নির্বাচনেও দলের দুজন প্রভাবশালী প্রার্থী নির্বাচনে অংশ নেন। এবারও তাঁদের ছাড় দেওয়ার মানসিকতা নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান রফিকুল হায়দার, তথ্য ও গবেষণা সম্পাদক হারুনর রশিদ এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান এবার মেয়র পদে প্রার্থী হতে মনোনয়নের দৌড়ে রয়েছেন।
রফিকুল হায়দার বলেন, প্রার্থী মনোনয়নে দল ভুল করলে ভরাডুবি হবে। ভোটের মাঠের অবস্থান বিচার করে মনোনয়ন না দিলে নেতা-কর্মীরা তা মেনে নেবেন না।
ইসমাইল খোকন বলেন, ‘দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। নির্বাচন করার লক্ষ্যে দীর্ঘদিন থেকে কাজ করে আসছি।’
উপজেলা বিএনপি সূত্র জানায়, গত দুটি পৌর নির্বাচনে বিএনপি থেকে এ বি এম জিলানীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। গত নির্বাচনে এর বিরুদ্ধে অবস্থান নিয়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভোট করেন। তখন তাঁকে বহিষ্কার করা হয়। এ বি এম জিলানী মেয়র হন।
জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া গতকাল বলেন, ‘বিএনপি থেকে মেয়র পদে এ বি এম জিলানীর নির্বাচন করার জন্য মনোনয়ন নিশ্চিত। কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।’
মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ বি এম জিলানী বলেন, ‘দলের হাইকমান্ড যাঁকে মনোনয়ন দেয়, মেনে নেব। এখন দ্বন্দ্বের সময় নয়। ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে।’
নজরুল ইসলাম বলেন, গতবার নির্বাচন করেছি, এবারও করব। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি।