সুনামগঞ্জের ছাতক পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বাছাই কমিটি প্রার্থী চূড়ান্ত করলেও অন্য পক্ষ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, মনোনয়নপ্রত্যাশী একজন থাকায় মেয়র প্রার্থী নিয়ে ঝামেলায় নেই বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী বলেন, মেয়র পদে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমানকে চূড়ান্ত করা হয়েছে। এখানে প্রার্থী একজনই ছিলেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, ছাতকে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এখানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি দুটি। এর এক পক্ষে ক্ষমতাসীন দলের সাংসদ মহিবুর রহমান। অন্য পক্ষের নেতৃত্বে আছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। বাছাই কমিটি
গত শনিবার রাতে বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরীর নাম ঘোষণা করে। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সাবেক পৌর চেয়ারম্যান আবদুল ওয়াহিদ প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সাংসদের অনুসারী হিসেবে পরিচিত।
আবদুল ওয়াহিদ বলেন, ‘প্রার্থী বাছাইয়ের সভায় আমাদের ডাকা হয়নি। এক পক্ষ বৈঠক করে প্রার্থী ঘোষণা দিয়েছে। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করি। আমি নির্বাচনে অংশ নেব। এখানে যাঁরা বিভিন্ন সময় নৌকার বিরোধিতা করেছেন, তাঁদের নৌকা প্রতীক পাওয়ার অধিকার নেই।’
মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ‘আবদুল ওয়াহিদ আওয়ামী লীগ করেন বলে আমার জানা নেই। তিনি একসময় বিএনপি করতেন। পরে স্থানীয় সাংসদের হয়ে কাজ করেছেন। এখানে কারা নৌকার পক্ষে, কারা বিপক্ষে, এটা সবাই জানে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, দলীয় প্রার্থী নিয়ে বিতর্ক বা বিভেদের সুযোগ নেই। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে নিয়েই প্রার্থী বাছাই করা হয়েছে। দলীয় প্রার্থীদের পক্ষে সব নেতা-কর্মীকে কাজ করতে হবে।