গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ও কামদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও মিছিল সমাবেশের কর্মসূচিও পালিত হয়েছে।
পঞ্চম দফায় ২৮ মে শালমারায় ও ষষ্ঠ দফায় আগামী ৪ জুন কামদিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নে অনিয়মের বিষয়ে গতকাল শুক্রবার কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ পাঠান।
আওয়ামী লীগের সূত্র জানায়, নিয়ম অনুযায়ী আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে পাঠাবে। উপজেলা কমিটি তা অনুমোদন করে জেলা কমিটিতে পাঠাবে। জেলা কমিটি সেই প্রস্তাব অনুমোদনের পর কেন্দ্র দলের প্রার্থী চূড়ান্ত করবে।
শালমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহানা আক্তারের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবটি উপজেলা কমিটিতে পাঠানো হয়। কিন্তু উপজেলা ও জেলা কমিটি আনিছুর রহমান নামের এক ব্যবসায়ীর নাম কেন্দ্রে পাঠায়। এ নিয়ে শাহানা গত মঙ্গলবার শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ দেন।
এদিকে গত ১১ এপ্রিল উপজেলার কামদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নেও একই ঘটনা ঘটে। ইউনিয়ন আওয়ামী লীগের সভায় মুশফিকুর রহমান চৌধুরীর নাম প্রস্তাব করে উপজেলা কমিটিতে পাঠানো হয়। মুশফিকুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক।