সিলেটের জকিগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিনকে মনোনয়ন দিয়েছে। আর এ নিয়েই ফ্যাসাদ বেধেছে দলটিতে। এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ। এতে স্থানীয় নেতা-কর্মীরাও হয়ে পড়েছেন দ্বিধাবিভক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা দাবি করেন, যাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি সেভাবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। অধিকাংশ নেতা-কর্মী তাঁর মনোনয়ন মেনে নিলেও দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে মুখে কিছু বলতেও পারছেন না। এর প্রভাব ভোটের লড়াইয়েও পড়তে পারে।
তবে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান আহমদ চৌধুরী জানান, খলিল উদ্দিন আওয়ামী ঘরানার লোক। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একজন সদস্য। ফারুক আহমদের প্রার্থিতা প্রসঙ্গে সভাপতি বলেন, তৃণমূল পর্যায়ে দল ঐক্যবদ্ধ রয়েছে। কেউ যদি স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নেন, এতে দলীয় প্রার্থীর ওপর কোনো প্রভাব পড়বে না।
দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র নির্বাচন করবেন জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ হয়ে আওয়ামী লীগের রাজনীতি করছি। দলের জন্য কয়েকবার কারাভোগও করেছি। জেলা পর্যায়ের নেতাদের কাছ থেকে মূল্যায়ন না পেলেও তৃণমূল পর্যায়ের কর্মীরা ঠিকই আমাকে অতীত কর্মকাণ্ডের জন্য মূল্যায়ন করবেন। সে বিশ্বাস থেকেই স্বতন্ত্র নির্বাচন করব।’
সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ চালালেও অনেকটাই নীরব ভূমিকায় রয়েছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। নির্বাচনী প্রচারে তাঁদের সরব ভূমিকা চোখে পড়ছে না। দলীয় প্রার্থী চূড়ান্ত না হলেও মেয়র পদে এখানে পৌর বিএনপির সাবেক সভাপতি বদরুল হক ওরফে বাদলের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। বিএনপি নির্বাচনে এলে তিনিই দলীয় মনোনয়ন পাবেন বলে কর্মীদের ধারণা। এ ব্যাপারে বদরুল হক বলেন, ‘সব ধরনের প্রস্তুতি আমি সেরে নিয়েছি। দল নির্বাচনে এলে এবং দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচনে অংশ নেব।’
তবে জকিগঞ্জে এরই মধ্যে দলীয় মনোনয়ন পেয়ে প্রচারণা শুরু করেছেন বর্তমান মেয়র ও পৌর জাতীয় পার্টির উপজেলা কমিটির সভাপতি আবদুল মালেক। প্রধান রাজনৈতিক দলগুলোর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনজুমানে আল ইসলাহ পৌর কমিটির সভাপতি কাজী হিফজুর ইসলামও প্রচার শুরু করেছেন।
আওয়ামী লীগের সম্ভাব্যপ্রার্থী খলিল উদ্দিন বলেন, ‘আমি দীর্ঘদিন সৌদি আরব থেকেছি। সেখানে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তাই আমার দলীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। ’