আ.লীগে বিদ্রোহী প্রার্থী, বিএনপি ও জাপার একক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের দুই নেতা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় বাছাই কমিটি বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য শফিউল আলমকে মেয়র পদে মনোনয়ন দেয়। গত বুধবার দুপুরে দলীয় প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি বদিউল আলমের নাম ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার বদিউল আলম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে শফিউল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ-উদ-দৌলা ছুট্টুও মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির প্রার্থী হয়েছেন দলের উপজেলা কমিটির সদস্য সৈয়দ আবুল মুনছুর। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলের উপজেলা কমিটির সভাপতি নুরুন্নবী ভুঁইয়া। পৌর জামায়াতের আমির তৌহিদুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সিরাজ-উদ-দৌলা বলেন, ‘মেয়র পদে দলীয় প্রার্থিতা এসেছে সিন্ডিকেটের মাধ্যমে।’ বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় পদ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংকটপূর্ণ মুহূর্তে দলের হাল ধরেছি, তবু মনোনয়ন পাইনি। দল থেকে বহিষ্কারের আগেই আমি পদত্যাগ করব।’
শফিউল আলম বলেন, ‘জনপ্রিয়তার মাপকাঠিতে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু নব্য আওয়ামী লীগ অর্থের বিনিময়ে সিন্ডিকেটের মাধ্যমে আমার মনোনয়ন কেড়ে নিয়েছে। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’ তিনি বলেন, ‘মনোনয়নবঞ্চিতরা ক্ষোভে অনেক কথা বলতে পারেন। দলীয় প্রধানই প্রার্থিতা ঠিক করেছেন।’
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া বলেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন ও সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।