আ.লীগে বিদ্রোহে দুটিতে জয় বিএনপির প্রার্থীর!
ময়মনসিংহে নয়টি পৌরসভায় গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে মুক্তাগাছা ও ফুলপুরে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন। এ দুটি পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির প্রার্থীরা জয়লাভ করেন বলে মনে করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।
বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির দুই মেয়র হলেন মুক্তাগাছায় শহীদুল ইসলাম ও ফুলপুরে আমিনুল হক। ত্রিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ বি এম আনিসুজ্জামান ও ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার নির্বাচিত হয়েছেন।
বেশ কিছুসংখ্যক সাধারণ ভোটার ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর অভিমত, মুক্তাগাছা ও ফুলপুর পৌরসভায় আওয়ামী লীগের ছিল শক্তিশালী বিদ্রোহী প্রার্থী। মুক্তাগাছায় তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার। শেষ মুহূর্তে তিনি মনোনয়ন না পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। কিন্তু অপর মনোনয়নপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এখানে দলীয় মনোনয়ন পান আওয়ামী লীগ সমর্থক মেয়র আবদুল হাই আকন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক নেতা প্রথম আলোকে বলেন, বিল্লাল নিজে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করলেও তাঁর সমর্থকেরা ততটা সক্রিয় ছিলেন না। শহীদুল পেয়েছেন প্রায় নয় হাজার ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ পেয়েছেন ৫ হাজার ৭৯ ভোট। আর আবদুল হাই পেয়েছেন প্রায় চার হাজার ভোট।
নেতা-কর্মীদের ভাষ্য, ফুলপুরে আওয়ামী লীগের প্রার্থী শশধর সেন দলীয় মনোনয়ন পেয়েছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাংসদ শরীফ আহমেদের কল্যাণে। জনপ্রিয় মেয়র হওয়া সত্ত্বেও মনোনয়ন পাননি মো. শাহজাহান। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করলে অনেক কর্মীই গোপনে শাহজাহানের পক্ষে কাজ করেন। আওয়ামী লীগের এই বিভক্তির সুযোগ কাজে লাগান বিএনপির প্রার্থী আমিনুল হক।
ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান ১৭ বছর পৌরসভার মেয়র ছিলেন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফিরোজ আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার। হাবিবুরবিরোধী আওয়ামী লীগের বড় একটা অংশ কাজ করায় আবদুস সাত্তার জয়ী হন।
ত্রিশাল পৌরসভায় চমকে দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক মেয়র এ বি এম আনিছুজ্জামান। নির্বাচনের শুরু থেকে আওয়ামী লীগের জাহিদুলের সমর্থকেরা আনিছুজ্জামানকে নানাভাবে চাপে রাখার চেষ্টা করেন। অনেকের ধারণা ছিল, আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির প্রার্থী আমিনুল ইসলামের ভোটের পাল্লা ভারী হবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে জয় পান আনিছুজ্জামান।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মজিবুর রহমান খান বলেন, দলীয় বিদ্রোহীর জন্য ফুলপুর ও মুক্তাগাছায় আওয়ামী লীগের পরাজয় হয়েছে।
জেলা উত্তর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, বিএনপি ঐক্যবদ্ধ থাকায় মুক্তাগাছা ও ফুলপুরে জয় পেয়েছে।