সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নিয়ে বিভেদ বাড়ছে। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হলেও প্রার্থী ঘোষণা না করায় বিভিন্ন পক্ষের মধ্যে মতবিরোধ বাড়ছে।
গতকাল সোমবার উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রায়গঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রশাসক নূর সাইদ সরকারের নাম চূড়ান্ত করেছে জেলা বিএনপি।
কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য ছয়জন মনোনয়ন চেয়েছেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হানিফ উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাজী আকছারুল আলম সরকার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ মাঠে রয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা এক মঞ্চে বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেও সমর্থকেরা বিভক্ত হয়ে পড়ছেন। সবাই প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। ফলে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।
কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী জেলা কমিটি প্রার্থীদের তালিকা তৈরি করেছে, কিন্তু সিদ্ধান্ত দেবে কেন্দ্র।
তবে এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজি প্রথম আলোকে বলেন, দল যাঁকে প্রার্থী করবে, তাঁর জয়লাভের জন্য সবাইকে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।