
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী দুই নেতা যেকোনো মূল্যে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড়। অন্যদিকে মেয়র পদে জয়ের জন্য বিএনপির নেতারা সমঝোতার মাধ্যমে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন। তাঁরা যেকোনো মূল্যে মেয়র পদে বিএনপির জয় নিশ্চিত করতে চান।
নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্তে অনড় থাকা আওয়ামী লীগের দুই মনোনয়ন-প্রত্যাশী হলেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী এবং মুক্তাগাছা পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাই আকন্দ।
আওয়ামী লীগের দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোনয়ন পাওয়ার দৌঁড়ে সবার চেয়ে এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার। তিনি এর আগে দুবার পৌরসভার মেয়র পদে এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে কোনোবারই তিনি পাস করতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, উপজেলা পরিষদ নির্বাচনের সময় কেন্দ্রীয় একজন নেতা বিল্লাল হোসেন ও দেবাশীষ ঘোষের মধ্যে সমঝোতা করেন। সমঝোতার সময় ওই কেন্দ্রীয় নেতা দেবাশীষকে পৌরসভায় মেয়র পদে সমর্থন দেবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার আগে থেকেই মনোনয়নের দৌড়ে এগিয়ে যান বিল্লাল হোসেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করেন এভাবে নির্বাচন করা হলে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগের কর্মীরাও বিভক্ত হয়ে যেতে পারেন।
আওয়ামী লীগ নেতা দেবাশীষ ঘোষ প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতা আমাকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলেছিলেন। আমি দলের প্রতি শ্রদ্ধা রেখে কথা রেখেছিলাম। তখন ওই নেতা আমাকে কথা দিয়েছিলেন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আমাকে মনোনয়ন দেবেন। কিন্তু বিল্লাল হোসেন উপজেলায় পাস করতে না পারায় এখন আবার তাঁকে পৌরসভায় মনোনয়ন দেওয়ার চিন্তা করা হচ্ছে। শেষ পর্যন্ত মনোনয়ন পাওয়ার কোনো আশা নাই বুঝতে পারলে আমি দলের মনোনয়ন না চেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করব।’
আওয়ামী লীগের অপর মনোনয়ন-প্রত্যাশী আবদুল হাই আকন্দ প্রথম আলোকে বলেন, ‘গত নির্বাচনে প্রাথমিকভাবে আমাকে সমর্থন দিয়ে পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এবারও যদি দল আমাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করব।’ আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী অপর নেতা এ বি এম জহিরুল হক বলেন, ‘আমি দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’ না পেলে কী করবেন সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।
বিল্লাল হোসেন বলেন, ‘আমি বারবার জনপ্রিয়তার শীর্ষে থাকি বলে দল আমাকে পছন্দ করে। কিন্তু দু-একজন ব্যক্তির জন্য পাস করতে পারি না। এবার দল আমাকে মনোনয়ন দিলে অবশ্যই জয়ী হব।’
বিএনপির মনোনয়ন-প্রত্যাশীরা হলেন মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী ভুলু, সহসভাপতি শওকত রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রতন।
বিএনপির মনোনয়ন-প্রত্যাশী শহীদুল ইসলাম বলেন, ‘আমরা একক প্রার্থীর পক্ষে আছি। নির্বাচনে অংশগ্রহণ করলে আমাদের একক প্রার্থীই থাকবে।’