আ.লীগে বড় বাধা 'বিদ্রোহী' প্রার্থী, বিএনপিতে অন্তর্দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত দুই মেয়র পদপ্রার্থীর জয়ের ক্ষেত্রে বড় বাধা হতে পারে ‘বিদ্রোহী’ প্রার্থী ও দলের অন্তর্দ্বন্দ্ব। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত দুজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তবে বিএনপিতে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকলেও দলটির একাংশ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের কর্মী-সমর্থক ও ভোটারদের সঙ্গে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে। তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন ও বিএনপির প্রার্থী নোয়াব আলী আশা করেন, সময় হলেই সব ঠিক হয়ে যাবে।
উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে গত ২৯ নভেম্বর চারজন আবেদন করেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুস সালাম।
জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ওই দিন বাছাই শেষে নাসির উদ্দিনের নাম ঢাকায় পাঠান। বিষয়টি জানাজানি হলে মনোনয়নবঞ্চিত ও তাঁদের সমর্থকেরা বিক্ষুব্ধ হন। ১ ডিসেম্বর জীবননগরে ‘মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত জনতা’ ব্যানারে আওয়ামী লীগ সমাবেশ করে। এতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান সভাপতিত্ব করেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ অমল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশে বক্তারা নাসির উদ্দিনের পরিবর্তে জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। কিন্তু কেন্দ্রীয় কমিটি নাসির উদ্দিনকেই চূড়ান্ত মনোনয়ন দেয়।
গত বৃহস্পতিবার নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম ও রফিকুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। রোববার রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ তিনজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা দেন।
জাহাঙ্গীর আলম বলেন, ‘গত পৌর নির্বাচনে ২৬ ভোটের ব্যবধানে হেরেছি। বিগত পাঁচ বছর মাঠে দলীয় কর্মকাণ্ড করেছি। জেলা নেতারা তৃণমূলের মতামত ছাড়াই নাসিরকে মনোনয়ন দেন। পৌর ও উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী আমার সঙ্গে রয়েছে। রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাদের পরামর্শ ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
নাসির উদ্দিন দাবি করেন, দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারের কাছে তাঁর ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, যা বিদ্রোহী প্রার্থীর নেই। হাতে গোনা কয়েকজন যাই বলুক না কেন—ভোটাররা ভুল করবে না।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সুপারিশে জীবননগরে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র জেলা বিএনপির সাবেক সহসভাপতি নোয়াব আলী। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই। উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবীর গত শনিবার তাঁর অনুসারীদের নিয়ে বৈঠক করেন। শাহজাহানের দাবি, সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াব দলীয় প্রার্থীর পক্ষে থাকেননি। দলীয় কর্মীরা দুঃসময়ে তাঁকে কাছে পাননি। তাই নোয়াবের পক্ষে ভোটের মাঠে তাঁরা নামবেন না। তবে নোয়াব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বর্তমান সরকারের সময় আমি ও আমার পরিবারের সদস্যরা নির্যাতিত। এরপরও বরাবরই দলীয় নেতা-কর্মীদের পাশে থেকেছি। প্রতিকূলতা মোকাবিলা করে এলাকার উন্নয়ন করেছি। সে হিসেবে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বলেন, বড় দলে নেতা-কর্মীদের মান-অভিমান থাকাটাই স্বাভাবিক। তবে শিগগিরই এ দূরত্ব ঘুচবে। ধানের শীষের প্রার্থীকে জয়ী করাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।