আ.লীগে মনোনয়ন নিয়ে লড়াই সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এ আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। কিন্তু উপনির্বাচন নিয়ে বিএনপি শিবিরে অনেকটাই উল্টো চিত্র দেখা গেছে। দলটির নেতাদের এ নির্বাচন নিয়ে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। দলের স্থানীয় নেতা-কর্মীরা এখনো নিশ্চিত নন তাঁদের দল নির্বাচনে অংশ নেবে কি না।গত ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে এ আসনের সাংসদ দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ২৭ জানুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২ জানুয়ারি।আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, চার প্রাথী মনোনয়ন পেতে তৎপর। তাঁরা হলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুশফিক হোসেইন চৌধুরী, দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মো. শাহ নেওয়াজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল ফজল ও আওয়ামী লীগের সাবেক সাংসদ মৃত মানিক চৌধুরীর মেয়ে আইনজীবী কেয়া চৌধুরী।স্থানীয় আওয়ামী লীগ নেতারা মনে করেন, যাঁরা দলকে সময় দিচ্ছেন বা এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত তাঁদের মনোনয়ন পাওয়া উচিত। আওয়ামী লীগের নবীগঞ্জ উপজেলা শাখার কর্মী হুমায়ুন কাদির বলেন, এ নির্বাচনে আবেগ নয়, যোগ্য নেতাদের মনোনয়ন দেওয়া প্রয়োজন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মুশফিক হোসেন চৌধুরী বলেন, ‘মেডিকেল কলেজে পড়ালেখার সময় থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। এখনো দলের হয়ে কাজ করছি। জ্যেষ্ঠতার দিক থেকে আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। এ ছাড়া দলের স্থানীয় নেতারাও আমাকেই প্রার্থী হিসেবে চায়।’গাজী মো. শাহনেওয়াজ বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করার বিষয়টি বাবার পাশে থেকে শিখেছি। আশা করি দল আমাকে বিবেচনায় নেবে।’ আবুল ফজল বলেন, ‘সাংসদ ফরিদ গাজীর পাশে থেকে এলাকার সাধারণ মানুষের কাছে ছিলাম সব সময়। এলাকার সন্তান হিসেবে এ আসনের মনোনয়ন পেলে দলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’ কেয়া চৌধুরী বলেন, ‘আমার দল নারীর অধিকার নিয়ে কাজ করছে, আমি সে কাজে নিজেকে জড়িত করতে চাই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে।’অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে এ আসনের নির্বাচন নিয়ে তেমন তৎপরতা লক্ষ করা যাচ্ছে না। বিএনপি এই উপনির্বাচনে অংশ নিচ্ছে কি না জানতে চাইলে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ বলেন, ‘এ সিদ্ধান্ত এখনো কেন্দ্র থেকে আমাদের জানানো হয়নি। পাশাপাশি প্রার্থীদের কোনো তালিকাও চাওয়া হয়নি। যে কারণে কিছুই বলা যাচ্ছে না, কারণ আমরা কেন্দ্রের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।’নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দোলাচাল থাকলেও বিএনপির লন্ডন-প্রবাসী দুই নেতা শেখ সুজাত মিয়া ও আবদুল হান্নান দল থেকে মনোনয়ন চাওয়ার প্রস্তুতি ও প্রচার শুরু করেছেন। তাঁদের মধ্যে শেখ সুজাত মিয়া এর আগে ‘৯১, ‘৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। শেখ সুজাত বলেন, দলের ইঙ্গিত পেয়ে এলাকায় কাজ করছেন। দল নির্বাচনে গেলে তাঁকেই মনোনয়ন দেবে।আরেক মনোনয়নপ্রত্যাশী আবদুল হান্নান বলেন, ‘দল বারবার ব্যর্থতা নয়, সফলতা দেখতে চায়। আমি আশাবাদী, বিএনপি এবারের মনোনয়নের ক্ষেত্রে যোগ্য মানুষকেই মূল্যায়ন করবে।’এলাকার ভোটার ফজলু মিয়া বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে যে কাজ করার যোগ্যতা রাখে, তাকেই রাজনৈতিক দলগুলোর প্রার্থী হিসেবে বিবেচনায় নেওয়া উচিত।