আ.লীগে মাথা গুঁজে রয়েছে রাজাকারের উত্তরসূরিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগে রাজাকারের উত্তরসূরিরা মাথা গুঁজে রয়েছে’ বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দবিরুল ইসলাম। ঠাকুরগাঁও প্রেসক্লাবে গতকাল বুধবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুরিয়া ইউনিয়নে গত রোববার রাতে প্রতিপক্ষের লোকজন সাংসদ দবিরুল ইসলামের সভামঞ্চ ভাঙচুর করে। ওই ভাঙচুরের ঘটনা বিভিন্ন সংবাদপত্রে গত মঙ্গলবার প্রকাশিত হয়। এর ব্যাখ্যা দিতে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে গতকাল ওই মতবিনিময় সভা করেন।
সাংসদ দবিরুল বলেন, ‘হরিপুরের দুটি ইউপি ভবন উদ্বোধনের জন্য ২১ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। সেদিন খবর পেলাম কিছু লোক জনসভার মঞ্চে হামলা করে ভাঙচুর করেছে। খোঁজখবর নিয়ে জানলাম, একটি বিশেষ মহল বিশেষ করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তির দোসর রাজাকার-আলবদরদের ছেলেরা ঠাকুরগাঁও থেকে গিয়ে আওয়ামী লীগ অফিসে বসে কিছু কিছু রাজাকারের উত্তরসূরি যারা আছে, খোন্দকার মোশতাকের উত্তরসূরি যারা আছে, তাদের একত্র করে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যাতে প্রচার করতে না পারি, এ কারণে জনসভা বাতিলের জন্য তারা ভাতুরিয়া ইউপি কার্যালয়, বঙ্গবন্ধুর ছবি, সভামঞ্চ ও ফটক ভাঙচুর করে। পরদিন ইউপি ভবনে হামলা চালানো হয়। মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বিভিন্ন লোকজনকে আহত করা হয়। এগুলো আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে থাকা বিশেষ শ্রেণি, যাদের পিতারা মুসলিম লীগের ছিল অথবা রাজাকার ছিল অথবা জামায়াতে ইসলামী করত, তারা চোর-ডাকাত হাবিজাবি লোকজন দিয়ে করেছে।’
ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অপসারণ করে আস্থাভাজন দুজনকে দায়িত্ব দেওয়া সম্পর্কে সাংসদ দবিরুল বলেন, ‘গত ইউপি নির্বাচনে বিএনপি-জামায়াতের পক্ষে কাজ করায় ইউনিয়ন কমিটি তলবি সভা ডেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়েছে। ওই সভায় আমি উপস্থিত ছিলাম না। এ ঘটনার সঙ্গে আমার সম্পর্ক নেই।’
রাজাকারের উত্তরসূরি যেসব লোক আওয়ামী লীগে লুকিয়ে আছে, তারা কারা? এ প্রশ্নের উত্তরে সাংসদ দবিরুল বলেন, ‘জেলা কমিটির একজন লোক, যার বাবা-মা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছে। যার বড় চাচা তিন মুক্তিযোদ্ধাকে ধরিয়ে দিয়েছিল। তিনজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। সেই রাজাকারের উত্তরসূরি যাদের জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারাই এসব করেছে। আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না। খুঁজে নিয়েন।’ এরপর তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের হত্যার অভিযোগে যাকে মুক্তিযোদ্ধারা গুলি করে মেরেছিল, তিনি হলেন রফিক চেয়ারম্যান। তাঁরই উত্তরসূরি আমাদের কমিটিতে রয়েছে।’
মুক্তিযোদ্ধা হয়ে রাজাকার পরিবারের উত্তরসূরিদের জেলা কমিটিতে রেখে আপনি কীভাবে সংগঠন পরিচালনা করছেন? এর দায় কি আপনার ওপর পড়ে না? জবাবে সাংসদ দবিরুল বলেন, ‘অবশ্যই পড়ে। আমি একা জেলা কমিটি গঠন করিনি। আমি আলাদা কমিটি করে কেন্দ্রে জমা দিয়েছিলাম।’ জেলা কমিটির সভায় বিষয়গুলো তুলেছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, জেলা কমিটির সভায় বিষয়গুলো তোলা হবে। কমিটিতে লুকিয়ে থাকা রাজাকারের উত্তরসূরিদের বিষয়ে কেন্দ্রেও জানানো হয়েছে। তবে কি জেলা আওয়ামী লীগ রাজাকারের উত্তরসূরি দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে? এর জবাবে তিনি বলেন, ‘নিয়ন্ত্রিত হচ্ছে এমনটা নয়। আওয়ামী লীগে রাজাকারের উত্তরসূরিরা মাথা গুঁজে রয়েছে।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী বলেন, ‘আজ (বুধবার) জেলা কমিটির সভা ছিল। তিনি (সাংসদ) বিষয়টি সেই সভায় বলতে পারতেন। সাংবাদিকদের কাছে অভিযোগ করা উচিত হয়নি। এটা দলের শৃঙ্খলা ভঙ্গের মতো কাজ। প্রগতিশীল ও স্বাধীনতার পক্ষের লোকজনই আওয়ামী লীগ করে। এখানে রাজাকার পরিবারের সদস্যদের জায়গা নেই।’
এদিকে সাংসদের সভামঞ্চ ভাঙচুরের ঘটনায় গতকাল বুধবার হরিপুর থানায় দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ভাতুরিয়া ইউপির সদস্য সামসুল হক। অপরটির বাদী ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি সামসুল আলম। হরিপুর থানার ওসি মো. রুহুল কুদ্দুস দুটি মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।