আ.লীগে যোগ দিয়ে জামিনও পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত থেকে ফুল নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন মোখলেছুর রহমান বাচ্চু (ডানে)
২ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হাত থেকে ফুল নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন মোখলেছুর রহমান বাচ্চু (ডানে)

গত ২ জুলাই তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের হাত থেকে ফুলের তোড়া নিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। এবার ভোটকেন্দ্র পোড়ানো ও ভোটকেন্দ্রে হামলা চালানোর মামলায় আদালত থেকে জামিনও পেলেন।

রাজশাহীর চারঘাটে ভোটকেন্দ্র পোড়ানো ও কেন্দ্রে হামলা চালানোর মামলায় এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল পুলিশ। পরে আদালত থেকে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। আলোচিত ব্যক্তিটি হলেন মোখলেছুর রহমান ওরফে বাচ্চু।

৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আগের দিন রাতে চারঘাট উপজেলার শলুয়া ডিগ্রি কলেজ কেন্দ্র পোড়ানো ও ভোটের দিনে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়েছিল। দুই মামলায় পুলিশ তদন্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই অভিযোগপত্রে শলুয়া ইউনিয়ন কৃষক দলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের নাম ছিল। অভিযোগপত্র দেওয়ার পরে আদালতে আত্মসমর্পণ না করায় আদালত থেকে তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। আদালত সূত্রে জানা গেছে, গত রোববার সকালে জেলা দায়রা জজ আদালত-২-এ আত্মসমর্পণ করে একটি মামলায় এবং বিচারিক হাকিম আদালত-৩-এ আত্মসমর্পণ করে আরেক মামলায় মোখলেছুর রহমান জামিন প্রার্থনা করেন। উভয় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এই মামলার অপর চার আসামির একজন মারা গেছেন। অন্যদের মধ্যে চারঘাট উপজেলা চেয়ারম্যান ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদ আদালতে আত্মসমর্পণ করে ৪৯ দিন ও রানা নামের অপর একজন প্রায় দুই মাস হাজতবাস করেছেন। এ ছাড়া অপর আসামি শলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আরমান আলী মৃধা এখনো পলাতক।

গত ২ জুলাই শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ এক যোগদান ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সভাপতিত্ব করেন শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজ উদ্দিন।

কোনো শর্তে আওয়ামী লীগে যোগদান করলেন কি না এবং আপনার মামলাগুলো তারা তুলে নেবে কি না—জানতে চাইলে দলটিতে যোগদানের পরের দিন মোখলেছুর রহমান বলেছিলেন, ‘তাঁরা দেখবেন।’ অবশ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, আইন নিজ গতিতে চলবে।এ বিষয়ে গত ৪ জুলাই প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।