আ.লীগে যোগ দিয়েই মেয়র পদে সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সদস্য মফিজউদ্দিন। এবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এর এক দিন পরই তাঁকে বেলকুচি পৌরসভায় মেয়র পদে নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়। বিএনপির নেতার হঠাৎ এই দলবদল এবং আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। জানা গেছে, ১০ ডিসেম্বর মফিজউদ্দিন সমর্থকদের নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের গ্রামের বাড়িতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগ দেন। এর পরপরই তাঁকে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে প্রার্থী হিসেবে সমর্থনের কথা ঘোষণা করা হয়। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী বাছাইয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউসুফ জাইকে আহ্বায়ক করে নির্বাচন মনোনয়ন পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়। কমিটি দলীয় প্রার্থী হিসেবে বেলকুচি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, সহসভাপতি হজরত আলী, সদস্য আতাউর রহমান, ফজলে বারী, উপজেলা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলামসহ ছয়জনের আবেদন গ্রহণ করে পর্যালোচনা করে। কিন্তু নেতারা মেয়র পদে প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হন। বিষয়টি মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে জানানোর পর তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. সাইদুর রহমানকে মেয়র পদে নির্বাচনের প্রস্তাব দিলে সাইদুর রহমান সে প্রস্তাবে রাজি হননি। এর পরই মফিজউদ্দিনকে দলে নিয়ে মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় সমর্থন দেওয়া হয়।মফিজউদ্দিনের আওয়ামী লীগে যোগদান ও মেয়র পদে প্রার্থী হওয়ার পর থেকে ত্যাগী আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। মনোনয়নবঞ্চিত আবদুল মতিন (বর্তমানে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) জানান, ২০০৬ সালের পৌর নির্বাচনে তিনি একক প্রার্থী ছিলেন। সে সময় সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতায় নির্বাচন স্থগিত হয়ে যায়। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘ভেবেছিলাম দল আমাকে এবার পৌর নির্বাচনে দলীয়ভাবে সমর্থন দেবে। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন দল করব কি না, তা-ই ভাবছি।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক বলেন, ‘মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তবে নির্বাচনে এর বহিঃপ্রকাশ ঘটবে না। বৃহত্তর স্বার্থের জন্য আমরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি।’ নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার বলেন, পৌর এলাকার প্রায় অর্ধেক ভোটার তাঁতি সম্প্রদায়ের লোক। তাঁদের বেশির ভাগই বিএনপি-জামায়াতসমর্থিত। ভোটারদের সমর্থন পেতে আওয়ামী লীগ একটা কৌশল নিয়েছে। মফিজউদ্দিন বলেন, ‘আমি আমার ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। কারও কাছে আবেদন করে নয়। যোগদানের কারণ আপাতত প্রকাশ করছি না।’ মেয়র পদে প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ও প্রচার সম্পাদক মো. আলতাফ হোসেন—এই তিনজন এবং জামায়াতের উপজেলা আমির মো. আরিফুল ইসলাম, জাতীয় পার্টির আবদুল মজিদ ও জাসদের খালিদ আল-মামুন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, তাদের একক দলীয় প্রার্থী ঘোষণা না হওয়ায় প্রার্থীর সংখ্যা বেশি হয়েছে। ২০০৪ সালে বেলকুচি পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিপূর্বে চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তাদের মনোনীত লোক পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।