আ.লীগে যোগ দেওয়া জামায়াত নেতার আত্মগোপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার আলোচিত জামায়াত নেতা নওশের আলী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের পর আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নওশের আলীকে শহরের কোথাও দেখা যায়নি। এর আগের রাত থেকে তাঁর ব্যক্তিগত দুই মুঠোফোনও বন্ধ রয়েছে।
গত সোমবার রাতে কুষ্টিয়া শহরে ক্ষমতাসীন দলের এক নির্বাচনী সভামঞ্চে জেলা জামায়াতের রোকন নওশের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের হাত ধরে এ দলে যোগ দেন।
নওশের জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি ও জামায়াত-সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রশিবিরের শীর্ষ একজন নেতা দাবি করেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম নওশের আলীর দূরসম্পর্কের আত্মীয়। রবিউল ওই দিন রাতে হানিফের নির্বাচনী সভায় নওশেরকে ডেকে নিয়ে যান। সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
শিবিরের নেতা আরও বলেন, ‘২০১২ সালের ৫ নভেম্বর কুষ্টিয়া শহরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ছয় পুলিশ কর্মকর্তাসহ ৩০ জন আহত হন।
ঘটনাটিতে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। মামলায় নওশের আলী গ্রেপ্তার হয়ে প্রায় ছয়-সাত মাস কারাগারে ছিলেন। কয়েক মাস আগে তিনি ছাড়া পান। এ ছাড়া গত ১৪ ডিসেম্বর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ হত্যাকাণ্ডের এখনো কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। এ হত্যাকাণ্ডেও ফেঁসে যাওয়ার আশঙ্কায় নওশের আলী মানসিক চাপে ছিলেন।
কিন্তু শিবিরের নেতা এমন বক্তব্য দিলেও কার্যত সেদিন যা দেখা গেছে তা হলো, সভামঞ্চে নওশের বেশ হাসিখুশিভাবেই হানিফের সঙ্গে করমর্দন করে আওয়ামী লীগে যোগ দেন।
নওশের ও হানিফের হাত পরস্পরের সঙ্গে মিলিয়ে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এ সময় নেতা-কর্মীদের মুখে হাসি ফুটে ওঠে।
আজগর আলী বলেন, ‘নওশের আলী নিজে থেকেই জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডে ঘৃণা জানিয়ে আওয়ামী লীগে যোগদান
করেছেন। অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখেন।’
আওয়ামী লীগে নওশেরের যোগদানের ঘটনায় জেলা জামায়াত গতকাল এক জরুরি বৈঠক করেছে। বৈঠক থেকে নওশেরকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের সন্তোষজনক জবাব না পেলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।