আ.লীগে যোগদান ১০ দিনের মাথায় বহিষ্কৃত
বগুড়ার ধুনটে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেওয়ার ১০ দিনের মাথায় নাশকতা ও যড়যন্ত্রের অভিযোগে একজনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে তাঁর নামে মামলা হয়েছে তিনটি।দলীয় সূত্রে জানা যায়, উপজেলা চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদ খান গত ২৪ আগস্ট উপজেলা আওয়ামী লীগের নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দল বদল করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক জানান, রাশেদ দলে যোগ দিয়ে বিএনপির নেতাদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগের নেতাদের হত্যার পরিকল্পনা, চাঁদা দাবি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে। রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের নেতারা আমাকে কোন স্বার্থে দলে নিয়েছিলেন, আবার কেন আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছেন, তা কিছুই বুঝতে পারছি না। তাঁরা আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছেন। বহিষ্কারের কোনো চিঠি এখনো পাইনি।’ধুনট থানার পরিদর্শক তোজাম্মেল হক জানান, রাশেদ খানের বিরুদ্ধে চাঁদাবাজিসহ তিনটি মামলা হয়েছে।