লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বিএনপি ও জাতীয় পার্টি (এরশাদ) থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নেতাদের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
এসব কর্মসূচি থেকে অগ্রহণযোগ্য উপায়ে বা আর্থিক সুবিধার বিনিময়ে যাঁদের দলীয় মনোনয়নের তালিকায় রাখা হয়েছে, তাঁদের পরিবর্তে আওয়ামী লীগের ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, হাতীবান্ধার টংভাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নামের তালিকায় প্রথম দিকে থাকা সেলিম হোসেন গত ডিসেম্বর মাসে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। সানিয়াজান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নামের তালিকায় থাকা হাশেম একই মাসে আওয়ামী লীগে যোগ দেন। তিনি এলাকায় বিএনপির সমর্থক বলে পরিচিত।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টায় সানিয়াজান ইউনিয়নের বিলাইডাঙ্গী মোড়ে এবং বিকেল সাড়ে চারটায় টংভাঙ্গা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারওয়ার হায়াত খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আর্থিক সুবিধা নিয়ে রাজাকারের সন্তান বলে পরিচিত সেলিমকে মনোনয়ন দিয়ে তাঁকে বঞ্চিত করার চেষ্টা করছেন।
সেলিম বলেন, ‘আমাকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের কারণে আমি রাজনৈতিক প্রতিহিংসা ও অপপ্রচারের স্বীকার হচ্ছি।’ সারওয়ার হায়াত খান ও লিয়াকত হোসেন বলেন, টাকার বিনিময়ে নয়, রাজনৈতিক ও নির্বাচনী ম্যাকানিজমে যাঁরা বিজয়ী হতে পারবেন বা জয়লাভের ব্যাপক সম্ভাবনা আছে, তাঁদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, সেলিমের বাবা আবুল হোসেনের বিরুদ্ধে ওঠা রাজাকার-সংক্রান্ত অভিযোগ সত্য নয়।