আ.লীগে যোগদানের শর্তে দোকান খোলার অনুমতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় আটটি চর নিয়ে নবগঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজারে বিএনপি-সমর্থক চারজন ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে গত ২৯ মে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বন্ধ করে দেন। এর পর থেকে ওই দোকান চারটি বন্ধ ছিল। ১৩ দিন পর আওয়ামী লীগে যোগদান করার শর্তে তিন ব্যবসায়ী দোকান খোলার অনুমতি পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগে যোগ দেওয়া একজন ব্যবসায়ী বলেন, গত মঙ্গলবার বিকেলে খেয়াঘাট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে তাঁদের উপস্থিত থাকার জন্য বলা হয়। তাঁরা সেখানে উপস্থিত হন। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আমির আলী, যুবলীগ নেতা ছিদ্দিকসহ কমপক্ষে ৫০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগে যোগ না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে ব্যবসায়ীদের জানিয়ে দেন তাঁরা। তাই ব্যবসায়ীরা বাধ্য হয়ে শপথ পড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে দোকান খোলার অনুমতি পান।

আমির আলী বলেন, ‘ওরা (ব্যবসায়ীরা) নিজেদের ইচ্ছায় আওয়ামী লীগে এসেছে। এখন যেহেতু এক দল করব তাই আমাদের বিপক্ষে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার একটা প্রতিবাদ ছাপানোর জন্য বলা হয়েছে। তবে কারও দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি।’