আ.লীগে সমঝোতা, নতুন মোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর নির্বাচন ঘিরে অবশেষে বর্তমান ও সাবেক দুই সাংসদ এবং দলীয় মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমঝোতায় পৌঁছেছেন। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এর ফলে নির্বাচন নতুন মোড় নিয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নেতা-কর্মীদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত আওয়ামী লীগের প্রার্থী হালিমুল হক মিরু, ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম ও বিএনপির প্রার্থী বর্তমান মেয়র নজরুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
গত সংসদ নির্বাচনের পর থেকে শাহজাদপুরের বর্তমান সাংসদ হাসিবুর রহমান ও সাবেক সাংসদ চয়ন ইসলামের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। এর আগে থেকেই হালিমুল হকের সঙ্গে সাংসদের দ্বন্দ্ব চলে আসছিল। চয়ন ইসলাম একপর্যায়ে হাসিবুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। এসব বিষয় নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি ছড়িয়ে পড়ে।
পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলা কমিটি আবদুর রহিমসহ তিনজনের নাম মনোনয়নের প্রস্তাব করে কেন্দ্রে পাঠায়। কেন্দ্রীয় কমিটি তাঁদের নাম বাদ দিয়ে হালিমুল হককে মেয়র পদে মনোনয়ন দেয়। সাবেক সাংসদ চয়ন ইসলাম হালিমুল হকের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করলেও অনেক নেতা-কর্মী তা থেকে বিরত থাকেন।
গত শুক্রবার রাতে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ হাসিবুর রহমান, সাবেক সাংসদ চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, মেয়র প্রার্থী হালিমুল হকসহ শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা শেষে সব ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ এবং ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরপর রাতে চয়ন ইসলাম নেতা-কর্মীদের নিয়ে শোভাযাত্রা করেন।
অপর দিকে ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুর রহিম, বিএনপির দলীয় প্রার্থী নজরুল ইসলামও ভোটের প্রচারণা জোরের সঙ্গেই চালিয়ে যাচ্ছেন। বিএনপিতে দলীয় কোন্দল না থাকায় নেতা-কর্মীরা প্রার্থীকে নিয়ে মাঠে নেমেছেন। তবে ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুর রহিমও তাঁর সমর্থকদের নিয়ে মাঠে আছেন।
আবদুর রহিম বলেন, ‘গত পৌর নির্বাচনে অংশগ্রহণ করলেও দলীয় নেতাদের অনুরোধে সরে দাঁড়িয়েছিলাম। এবার আমাকে হালিমুল হকের পরিবর্তে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। সে কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দল থেকে বহিষ্কার করা হলেও ৯৫ ভাগ নেতা-কর্মীসহ যুবক সম্প্রদায় আমার পক্ষে রয়েছে।’
নজরুল ইসলাম বলেন, ‘দলের শত ভাগ নেতা-কর্মীর সমর্থন নিয়ে ভোটযুদ্ধে নেমেছি। ইতিপূর্বে মেয়র হিসেবে আমার যথেষ্ট সুনাম রয়েছে। যে কারণে জয় নিশ্চিত হবে বলে আশা করি।’
হালিমুল হক বলেন, ‘অতীত কর্মকাণ্ডকে চিন্তা করেই জনগণ আমাকে ভোট দেবে বলে আমি আশা করি। এ ছাড়া দলীয়ভাবে সব নেতা- কর্মী গতকাল শনিবার থেকে এক জোট হয়ে মাঠে নেমেছেন। এ কারণে বিজয় সুনিশ্চিত বলেই আমি মনে করি।’
সাংসদ হাসিবুর রহমান বলেন, ‘শাহজাদপুরের উন্নয়নের স্বার্থে আমরা সবাই অতীতের সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে একমত হয়েছি। আমরা দলীয়ভাবে কেউ কারও বিরোধী নই। সব নেতা-কর্মীকে এক জোট হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’