আ.লীগে হবে ভোট কাটাকাটি সুুযোগ নেবে বিএনপি!
বরগুনার তিনটি, নড়াইল ও মানিকগঞ্জের একটি পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিপরীতে দলের একাধিক প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহী প্রার্থীদের সরব উপস্থিতিতে দলীয় নেতা-কর্মী ও ভোটাররা পড়েছেন বিপাকে। এতে আওয়ামী লীগের ভোটব্যাংকে টান পড়বে। এ সুযোগে বিএনপি-সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সাধারণ ভোটাররা। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:বরগুনা: জেলার চারটি পৌরসভার মধ্যে শুধু বেতাগীতে আওয়ামী লীগ মেয়র পদে একক প্রার্থী দিতে পেরেছে। পাথরঘাটা পৌরসভায় বর্তমান মেয়র আনোয়ার হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলেও সেখানে উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান পৌর কাউন্সিলর মোসারেফ হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমতলী পৌরসভায় গত ১৪ ডিসেম্বর ভোটাভুটির মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানকে দলীয় মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়। দলের এ সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শামসুল হক বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে ২৬ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কমিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শামসুল হককে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে। বর্তমানে সেখানে আওয়ামী লীগের তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরগুনা পৌরসভায় জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনকে মনোনয়ন দেয়। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বিদ্রোহী প্রার্থী হয়েছেন। নড়াইল: নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সোহরাব হোসেনের বিপক্ষে মাঠে নেমেছেন দলের একাংশের নেতারা। এই অংশটি জেলা আওয়ামী লীগের সদস্য বিশ্বাস জাহাঙ্গীরের পক্ষে কাজ করছে।জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস বলেন, কোনো বিরোধিতাই আওয়ামী লীগের দলীয় প্রার্থীর জয় ঠেকিয়ে রাখতে পারবে না। নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের কলেজশিক্ষক তারেক আলম বলেন, যদিও এটা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি, তবু দলের একাধিক প্রার্থী থাকলে ভোট কাটাকাটি হবে। এতে তৃতীয় পক্ষ সুযোগ নেবে।মানিকগঞ্জ: জেলার সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা তাঁদের প্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন। এখনো স্পষ্ট নয় কে তাঁদের আসল প্রার্থী। জেলা ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই উপজেলা ও পৌর আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা একমত হয়ে জেলা যুবলীগের সহসভাপতি এম এম আলমগীর হোসেনকে সমর্থন দেন। অপরদিকে উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান সমর্থন দেন বর্তমান মেয়র মীর মো. শাহজাহানকে।