আ.লীগে ১০ জনের এক দাবি, ‘দল আমারেই দিব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে দুটিতে আওয়ামী লীগের মেয়র পদে প্রার্থী চূড়ান্ত হয়নি এখনো। তবে এই দুই পৌরসভায় মেয়র পদে ‘দল আমারেই সমর্থন দিব’ দাবি নিয়ে মাঠে গণসংযোগ করছেন ১০ জন। এর মধ্যে ছাতক পৌরসভায় তিনজন এবং জগন্নাথপুর পৌরসভায় আছেন সাতজন। জগন্নাথপুরের সাতজনই আবার ব্রিটেনে প্রবাসী (লন্ডনি)।দলীয় সূত্র জানায়, ছাতক পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন চারজন। এর মধ্যে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী তিনজন। তাঁরা হলেন, বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক মেয়র আবদুল ওয়াহিদ ও খোকন চৌধুরী। এখানে বিএনপির কোনো প্রার্থী নেই। ‘নাগরিক কমিটির প্রার্থী’ দাবিদার আরেকজন হলেন প্রবাসী জাহাঙ্গীর আলম। ছাতক আওয়ামী লীগে দ্বন্দ্ব থাকায় দুই প্রার্থীর পক্ষে দলীয় নেতা-কর্মীরা পৃথক অবস্থান নিয়েছেন।ছাতক পৌরসভার সাবেক মেয়র আবদুল ওয়াহিদ বলেন, ‘ছাতকে এখনো দলের সমর্থন কাউকে দেওয়া হয়নি। সমর্থন দেওয়া হয়েছে বলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি এখানে দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেছি। সবার সমর্থন আমার পক্ষেই থাকবে।’ বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ‘দল আমাকে সমর্থন দিয়েছে।’জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আটজন। এর মধ্যে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী আছেন সাতজন। তাঁরা হলেন, বর্তমান মেয়র ও হবিবপুর আওয়ামী লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবদুল মনাফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রশীদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামীম আহমদ, আবদুল হান্নান, আনসার মিয়া ও শাহ নুরুল করিম। এখানে বিএনপির প্রার্থী একজনই, তিনি হলেন আক্তারুজ্জামান।জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র আবদুল মনাফ বলেন, ‘আমি পৌরসভার অনেক উন্নয়ন করেছি। মানুষের সঙ্গে আমার যোগাযোগ বেশি। দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সব দিক বিবেচনা করলে আমিই সমর্থন পাব।’ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। দল আমাকেই সমর্থন দেবে।’ অন্য প্রার্থীরাও ‘অনেক দিন’ থেকে দলের সঙ্গে যুক্ত দাবি করে দলের সমর্থন আশা করছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মতিউর রহমান জানান, জেলা কমিটি থেকে দুটি পৌরসভায় দুজনকে মেয়র পদে সমর্থন দেওয়া হয়েছে। তাঁরা হলেন, সুনামগঞ্জ পৌরসভায় আয়ূব বখত জগলুল ও ছাতক পৌরসভায় আবুল কালাম চৌধুরী। মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘জগন্নাথপুর পৌরসভায় প্রার্থী বেশি। এখানে মনোনয়ন প্রত্যাহারের আগে সিদ্ধান্ত দেওয়া হবে।’ দিরাই পৌরসভার ব্যাপারে তিনি বলেন, ‘এখানে দলের লোককে বসিয়ে অন্য একজনকে সমর্থন করা হয়েছে। তিনি আওয়ামী লীগ করেন না বলে জানি।’